২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ বাস থানায় নেওয়ার সময় চাপা পড়ে এসআইর মৃত্যু

ঢাকার মিরপুরে দুর্ঘটনার জন্য দায়ী একটি বাস জব্দ করে থানায় নেওয়ার সময় এর নিচে চাপা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2018, 06:12 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

নিহত উত্তম কুমার সরকার (৩৩) রূপনগর থানার উপ পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।

বাসচালক বেলাল হোসেনকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ঈগল পরিবহনের চালক।

ঈগল পরিবহনেরই একটি বাস জব্দ করে তা বেলালকে দিয়ে চালিয়ে রোববার বিকালে মিরপুর বেড়িবাঁধ থেকে রূপনগর থানায় নিচ্ছিলেন এসআই উত্তম।

পথে রাইনখোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহাম্মদ জানান।

নিহত উত্তমের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি থানার পশ্চিম বেতবাড়ীতে। তার দেড় মাস বয়সের একটি মেয়ে রয়েছে।

Image
স্বামীর মৃত্যুর খবর শুনে এসআই উত্তমের স্ত্রীর কান্না

স্বামীর মৃত্যুর খবর শুনে এসআই উত্তমের স্ত্রীর কান্না

Image
স্বজনের কোলে এসআই উত্তমের শিশুকন্যাটি

স্বজনের কোলে এসআই উত্তমের শিশুকন্যাটি

রূপনগর থানার ওসি শেখ মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে বেড়িবাঁধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটলে ঈগল পরিবহনের বাসটি ফেলে চালক পালিয়ে যায়।

“বাসটি জব্দ করার পর সেখানই ছিল। চালকের অভাবে থানায় নেওয়া সম্ভব হচ্ছিল না। উপ পরিদর্শক উত্তম ঈগল পরিবহনের অন্য চালক বেলালকে দিয়ে বাসটি থানায় আনার সময় দুর্ঘটনা ঘটে।”

শাহ আলী থানার এসআই আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটির সাথে উত্তমের মোটর সাইকেল আটকে গেলে চালক তাকে টেনে-হিঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর চালক বেলালকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উপ-কমিশনার মাসুদ।