২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেলের খোঁজে শান্তিনগরের বাসায় পুলিশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের আগের দিন দলটির ঢাকা মহানগর শাখার সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের খোঁজে তার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2018, 01:00 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

শুক্রবার রাত ১২টার আগে পুলিশ তার শান্তিনগরের বাসায় গিয়ে সোহেলের খোঁজ করে বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন।

অভিযানের কথা স্বীকার করে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েকটি মামলায় ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তার বাসায় তল্লাশি হয়েছে।”

তবে তল্লাশি চালালেও বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলকে পাওয়া যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এর আগে গত ২ জানুয়ারি ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির অভিযোগ করলেও আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন।

গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।

৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সিলেট সফরে সঙ্গী ছিলেন সোহেল। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। আর পরদিন ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে বিএনপির অভিযোগ।

পুরনো খবর:

সোহেল হয়ত আত্মগোপনে: স্বরাষ্ট্রমন্ত্রী