২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্য ঢাবিতে ১৯৭১ ফুট দীর্ঘ আল্পনার প্রস্তুতি

আগামী ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত সড়কজুড়ে ১৯৭১ ফুট দীর্ঘ আল্পনা আঁকবে ঢাকা বিশ্ববিদ্যালয়‘ সম্মিলিত শিক্ষার্থী সংসদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 01:11 AM

Updated : 19 Aug 2022, 02:32 PM

বৃহস্পতিবার  ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে একথা জানানো হয়।

সম্মিলিত শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সংগঠন ও ছাত্র সংগঠন ছাত্রলীগের সমন্বয়ে গত ২৯ অগাস্ট গঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ সম্পর্কে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা হবে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আসিফ হোসাইন, জয়ধ্বনির সভাপতি সাব্বির হোসেন। 

সনজিত বলেন, “আমরা জানি প্রধানমন্ত্রী সচিবালয়ের রাস্তা হয়ে রোকেয়া হলে আসবেন ৭ই মার্চ ভবন উদ্বোধন করতে। আমরা চাই, তার আগমনের এই পুরো পথ আমাদের হৃদ মাঝারে থাকা ভালোবাসার সবটুকু রঙ মিশিয়ে আলপনা করে তার আগমনের পথকে রঙিন করে তুলতে।

“সে লক্ষে আমাদের সংগঠনের সবাই আগামীকাল সারাদিন তার আগমনের এই পথকে রঙিন করে তুলতে কাজ করব।”

সম্মিলিত শিক্ষার্থী সংসদে অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন আসতে চাইলে কী করা হবে- এ প্রশ্নের জবাবে সনজিত বলেন, “স্বাধীনতাবিরোধী, অরাজকতা সৃষ্টিকারী ছাড়া সবাইকে এ সংসদে স্বাগত জানানো হবে।”

ছাত্রলীগ এর মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করতে চাইছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কখনও প্রভাব বিস্তারের চেষ্টা করব না। এই প্লাটফর্মে একেক সময় একেক সংগঠনের নেতারা অনুষ্ঠান পরিচালনা করবে। আমাদের ধারাবাহিক কোনো কার্যক্রম থাকবে না, বিভিন্ন সময়ে আলোচনার ভিত্তিতে আমরা কর্মসূচি নির্ধারন করব।”