‘উন্নয়ন কনসার্ট’ এবার জেলায় জেলায়
জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর এবার জেলা শহরে কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে ২০টি জেলা শহরে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও লেজার শোও থাকবে।
মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিতের মতো শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। জেমস, সোলস, দলছুট, এলআরবি, চিরকুট, জলের গান, লালন, ভাইকিংস ও শূন্যের মতো ব্যান্ড দলগুলোও অংশ নেবে কনসার্টে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার লক্ষ্যেই এ আয়োজন।”
তিনি জানান, কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্য ভিডিওচিত্র দেখানো হবে। এছাড়াও দেখানো হবে প্রধানমন্ত্রীর ১০টি ‘বিশেষ’ উদ্যোগের ভিডিও তথ্যচিত্র।
জেলা পর্যায়ে এ ‘উন্নয়ন কনসার্ট’ আগামী ১ সেপ্টেম্বর নরসিংদীতে শুরু হয়ে ২৭ অক্টোবর ২০১৮ নীলফামারীতে শেষ হবে।
মানিকগঞ্জে ৬ সেপ্টেম্বর, কুমিল্লায় ৮ সেপ্টেম্বর, লক্ষ্মীপুরে ১৩ সেপ্টেম্বর, নোয়াখালীতে ১৫ সেপ্টেম্বর, নেত্রকোনায় ২০ সেপ্টেম্বর, টাঙ্গাইলে ২২ সেপ্টেম্বর, সিরাজগঞ্জে ২৭ সেপ্টেম্বর, কুষ্টিয়ায় ২৯ সেপ্টেম্বর, ঝিনাইদহে ৪ অক্টোবর, চুয়াডাঙ্গায় ৬ অক্টোবর, খুলনায় ৯ অক্টোবর, ভোলায় ১১ অক্টোবর, রাজবাড়ীতে ১৩ অক্টোবর, জয়পুরহাটে ১৬ অক্টোবর, পঞ্চগড়ে ১৮ অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে ২০ অক্টোবর, গাইবান্ধায় ২৩ অক্টোবর ও কুড়িগ্রামে ২৫ অক্টোবর এই কনসার্ট হবে।
কনসার্টে শিল্পীদের মধ্যে আরও থাকছেন আঁখি আলমগীর, হৃদয় খান, কণা, শফি মণ্ডল, কিরণ চন্দ্র, চন্দনা মজুমদার, আরিফ, আনিকা, রিংকু, নিশিতা, শুভ এণ্ড ফ্রেন্ডস, পিন্টু অ্যান্ড পারভেজ।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত পর্যায়ক্রমে সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় শহরে একই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এছাড়া ২০-২১ জুলাই দেশের ৬৪টি জেলায় দুই দিনব্যাপী ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে।
