বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র নিয়ে ঢাবিতে প্রদর্শনী
শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ কিছু ছবি নিয়ে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
উদ্বোধন শেষে কলাভবনের সামনেই বটতলায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। কিন্তু বাংলার মীরজাফর খন্দকার মোশতাক, জিয়াউর রহমান ও দেশি-বিদেশি দোসররা ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে। নিষ্পাপ রাসেলকে হত্যা করে। যাতে বঙ্গবন্ধুর রক্তের কেউ এই দেশের নেতৃত্ব দিতে না পারে। দুই কন্যা বিদেশ ছিলেন, না থাকলে তারাও থাকতেন না।
“সেই জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে সেই পতাকা হাতে নিয়ে ১৯৯৬ সালে রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ, যেটা জিয়াউর রহমান ধ্বংস করেছিল তিনি সেটিকে পুনরুদ্ধার করেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ তিনি উন্মুক্ত করেছেন।”
বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে না আসলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
“সত্তর সালে মাওলানা ভাসানী সাহেবের দল ন্যাপ ইলেকশন করেনি। এখন সেই দলের অস্তিত্ব নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি আফিয়া বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।
প্রদর্শনী চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
