২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজের ছাত্রকে অপহরণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব; উদ্ধার করা হয়েছে শিশুটিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 06:02 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

ঢাকার বিমানবন্দর রেলস্টেশন এলাকা হতে শুক্রবার মঈনুল ইসলাম (২৪) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

নোয়াখালীর মঈনুল ঢাকার মোহাম্মদপুরের নূরানী তালীমূল কোরআন মাদ্রাসা থেকে হাফিজি পাস করার পর কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন।

প্রায় এক মাস আগে নোয়াখালীর সোনাপুরের সাঈদাতুল আবরার মাদ্রাসায় নূরানী বিভাগে শিক্ষক হিসেবে চাকরি নিয়ে যান তিনি।

ঢাকায় পড়াশোনার সময় মঈনুলের সঙ্গে মগবাজার এলাকার এক মাইক্রোবাস চালকের পরিচয় হয়। ওই চালকের আট বছরের শিশুটিকে পড়াতেন তিনি।

র‌্যাব জানায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বিকালে মগবাজারের বাসার সামনে থেকে ওই শিশুটিকে অপহরণ করেন মাঈনুল। এরপর শিশুটির বাবাবে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিলেন।

ঘটনাটি শোনার পর কৌশলে মঈনুলের সঙ্গে যোগাযোগ করে র‌্যাব।

বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অপহরণকারী বিমানবন্দর রেলস্টেশনে টাকা লেনদেনের স্থান নির্ধারণ করে দেয় এবং সেখানই শিশুটিকে হস্তান্তর করা হবে বলে জানায়।

“র‌্যাব পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর রেল স্টেশনের অবস্থান নিয়ে মঈনুলকে অনুসরণ করে এবং শিশুটিকে উদ্ধার ও মঈনুলকে গ্রেপ্তার করে।”