২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিও সংস্কার নিয়ে বসছে ইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আলোচনার মধ্যে নির্বাচনী আইন সংস্কার নিয়ে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 03:14 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

রোববার কমিশনের ৩৫তম সভায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন’ আলোচ্য সূচিভূক্ত করা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন বৈঠকে দুটি প্রধান এজেন্ডা রয়েছে। এর মধ্যে প্রথমটি গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর সংশোধন। অন্যটি হচ্ছে এ বছর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফেমবোসা সম্মেলনের প্রস্তুতি নিয়ে।”

গত বছর জুলাইয়ে অংশীজনের সঙ্গে সংলাপ করে পাওয়া প্রস্তাবগুলো নিয়ে এতদিন বসে থাকার পর একাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ফের তোড়জোড় শুরু হল।

বছর শেষে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে আরপিও সংস্কার আর হচ্ছে না- এমন কথা এর আগে বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তবে গত সপ্তাহে ইভিএম ব্যবহারসহ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কমিশনে আলোচনার কথা জানান নির্বাচন কমিশনার কবিতা খানম।

তিনি গত সপ্তাহে বলেছিলেন, “আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংসদ নির্বাচনের জন্য কমিশনের ‘মোটামুটি’ প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “ইভিএম ব্যবহারের জন্য সক্ষমতা লাগবে, আস্থার ব্যাপার আছে। প্রশিক্ষিত লোকবল লাগবে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সেভাবে এগুব।”

ইভিএম নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে আসছে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি।

পুরনো খবর:

বিএনপির ভয়; ইসির অভয়
আরপিও সংস্কারের কাজ ‘আপাতত’ তুলে রাখছে ইসি
ঢাকায় ফেমেবোসা সম্মেলন ৫-৭ সেপ্টেম্বর