২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির ঢাকায় চিড়িয়াখানায় লাখো দর্শনার্থী

ঈদের ছুটির আমেজে ফাঁকা ঢাকায় জাতীয় চিড়িয়াখানাতে উপচে পড়া ভিড়।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 09:30 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

সপরিবারে ও বন্ধুদের সঙ্গে শ্যামল পরিবেশে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন জাতীয় চিড়িয়াখানাকে। পাশের জাতীয় উদ্ভিদ উদ্যানেও ছিল প্রকৃতিপ্রেমীদের ভিড়।

ঈদের তৃতীয় দিন শুক্রবার সকাল ৮টা থেকেই নানা বয়সী মানুষ ভিড় করতে থাকেন চিড়িয়াখানার টিকেট কাউন্টারে। আর সকাল ১১টার পর থেকে দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে।

শুক্রবার আগের দিনের তুলনায় দ্বিগুণ দর্শনার্থী চিড়িয়াখানায় ভ্রমণে এসেছেন বলে মনে করছেন এখানকার কিউরেটর এস এম নজরুল ইসলাম।

ঈদের তৃতীয় দিনে দুই লাখেরও বেশি দর্শনার্থী এসেছেন জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকালের চেয়ে আজকে দর্শনার্থী প্রায় দ্বিগুণ। দুই লক্ষাধিক দর্শনার্থী এসেছে আজ। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে যাননি, ঢাকায় আছেন, তারাই মূলত আসছেন। ঢাকার বাইরেরও অনেকেই আসছেন।”

আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার, র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছে বলেও আশ্বস্ত করেন নজরুল।

উৎসবের আমেজে দর্শনার্থীদের সমাগমকে মাথায় রেখে এবার গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুই জোড়া আফ্রিকান সাদা সিংহ, একজোড়া কালো ভাল্লুক আনা হয়েছে মিরপুর চিড়িয়াখানায়।

এছাড়াও চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি চারটি উটপাখি ও একজোড়া উট কিনেছে। অনুদান হিসেবে পাওয়া গেছে ৪০টি ইমু। আরো এসেছে শতাধিক লাভ বার্ড।

চিড়িয়াখানায় নতুন আসা ইমু পাখি, লাভ বার্ড, আফ্রিকান সাদা সিংহের খাঁচার সামনেই দর্শনার্থীরা বেশি ভিড় করছেন বলে জানান তিনি।

“আমি আমার রুম থেকেই পুরো চিড়িয়াখানা মনিটরিং করছি। নতুন প্রাণিগুলোর পাশাপাশি ময়ূর, জিরাফ, বাঘও দেখছে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা।”

বর্তমানে চিড়িয়াখানায় ছয়টি রয়েল বেঙ্গল টাইগার আছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।

আগামী অক্টোবরে জলহস্তির বিনিময়ে দেশের বাইরে থেকে আরও কিছু প্রাণী নিয়ে আসা হবে।

তিনি বলেন, “আমাদের কিছু জলহস্তি এক্সচেঞ্জ করে সাদা বাঘ, সাদা সিংহ আর শিম্পাঞ্জি আনা হবে বিদেশ থেকে।”

এদিন চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর, জলহস্তি, জিরাফ, চিত্রা হরিণ, হাতি, বানর, কুমির দেখতে এই খাঁচাগুলোর সামনে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।

কেউ আবার বাদাম, পাউরুটি আর মুড়ি খেতে দিচ্ছেন প্রাণিদের। প্রাণিরা খাঁচার সামনে আসামাত্রই উচ্ছ্বসিত হচ্ছে শিশুরা; হাত বাড়িয়ে ধরতেও চাচ্ছে প্রাণিদের।

অতি আগ্রহীদের জলহস্তির গায়ে হাত দিতেও দেখা যায়। হাতির পিঠে চড়ছেন অনেকে। অনেকে আবার ময়ূরের পেখম মেলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন খাঁচার সামনে। প্রাণিদের সঙ্গে সেলফি তোলাতেও ব্যস্ত দেখা গেছে অনেককেই।

আশুলিয়া থেকে পরিবার ও প্রতিবেশিদের সঙ্গে একটি বাস ভাড়া করে চিড়িয়াখানায় এসেছেন আঁখি আক্তার। ঈদে ছুটি আর রাস্তা ফাঁকা পাওয়ায় সবাই মিলে বেড়াতে এসেছেন বলে জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অন্যান্য সময় তো ইচ্ছা থাকলেও আসা যায় না। সবার ছুটি থাকে না, আবার রাস্তায় জ্যাম থাকে। ঈদে কোথাও যাওয়া হয় নাই, তাই চিড়িয়াখানায় আসলাম। বাসা থেকে রান্না করে নিয়ে আসছি। সবাই মিলে পুরা চিড়িয়াখানায় ঘুরলাম, বিভিন্ন প্রাণি দেখলাম। খুব ভাল লাগছে।”

সপরিবারে পুরো চিড়িয়াখানায় ঘুরে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন বংশাল থেকে আসা সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, “বাচ্চারা বেড়াতে যেতে চাইলো। চিড়িয়াখানাটা বেশ দূরে হওয়ায় ওদিকে যাওয়া হয় না। এখনতো রাস্তা ফাঁকা। সবাইকে নিয়ে সারাদিনের জন্য চলে আসলাম।”

সিদ্দিকুরের কাছে চিড়িয়াখানার পরিবেশ ভাল লাগলেও অনেক দর্শনার্থীই সন্তুষ্ট নন চিড়িয়াখানার পরিবেশ ও প্রাণিদের নিয়ে।

দেড় বছরের ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়ে চিড়িখানায় এসেছেন মোজাম্মেল হোসেন।

তিনি বলেন, “গাছ-গাছালি আছে, সবুজ পরিবেশ তাই এখানে এসেছি। চিড়িয়াখানার পরিবেশটা আরো ভাল হওয়া উচিত। মানুষ যেখানে সেখানে খাবার খেয়ে পাকেট, বোতল ফেলছে। পরিবেশ নষ্ট হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের উচিত এগুলো দেখভাল করা।”

জুরাইন থেকে আসা ১০ম শ্রেণির শিক্ষার্থী পিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিরের খাঁচায় একটা মাত্র কুমির। আবার পানিও অনেক নোংরা। অজগর সাপও একটাই, অন্য কোনও সাপ দেখলাম না। অনেক বড় খাঁচা অথচ তিনটা বেবুন দেখলাম।”

চিড়িয়াখানার প্রাণির সংখ্যা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

এদিকে প্রাণিদের সামনে থেকে দেখতে না পাওয়ায় অনেক দর্শনার্থীর আবার মন ভরছে না।

মিরপুরের দুয়াড়িপাড়া থেকে আসা ইসমাত জাহান আধা ঘণ্টা দাঁড়িয়েও দেখতে পাননি রয়েল বেঙ্গল টাইগার।

“দুপুরে ওদের নাকি খাবার দিছে। সব বাঘ ভেতরে গিয়ে ঘুমাচ্ছে। চিড়িয়াখানায় এসে বাঘই দেখতে পারলাম না।”

প্রায় ৪৪ বছর আগে মিরপুরে স্থাপিত এই জাতীয় চিড়িয়াখানাটি বছরে ৪০ লাখ দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়।

আরও খবর

ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রে ভিড়