২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁকা ঢাকায় বিনোদন কেন্দ্রে ভিড়

নামাজ, পশু জবাই, শুভেচ্ছা বিনিময়ে ঈদের দিনের ব্যস্ততা সেরে ঈদের পরদিন ফাঁকা রাস্তায় ঢাকা ছুটেছে বিনোদন কেন্দ্রের দিকে।

জয়ন্ত সাহা

ও সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 08:44 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছে নানা বয়সী মানুষ। শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, সিনেমাহলগুলো ছাড়াও মনোরম হাতিরঝিলে বেড়ানো আর আড্ডা হয়েছে জমজমাট। দুপুরে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিলেও আনন্দে কোনো কমতি হয়নি। 

শিশু পার্কে সকালে তেমন ভিড় না থাকলেও দুপুরে মুখর হয়ে ওঠে শিশুদের আনাগোনায়। ‘টয় ট্রেন’, ‘ম্যাজিক নৌকা’, ‘আনন্দ ঘূর্ণি, ‘ঝুলানো চেয়ার, ‘ফুলদানি আমেজ’, ‘উড়ন্ত নভোযান’- রাইডগুলোতে চড়ার পর শিশুরা উঁকি দিচ্ছিল ‘নাইন-ডি সিনেমার বুথে’।

শিশুপার্কের উপ সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমনিতে প্রতিদিন বেলা ২টা থেকে শিশু পার্ক খোলা হলেও ঈদুল আযহা উপলক্ষে বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে।

চার বছরের মেয়ে বিন্তীকে নিয়ে শিশু পার্কে আসা বনশ্রীর বাসিন্দা আবদুস সোবাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ওকে নিয়ে কোথাও যাই না সাধারণত। আজ সকাল থেকে বেড়াতে যেতে চাচ্ছিল। এখন এসে এ রাইডে চড়ব, ওখানে যাব, সেখানে যাব করছে। মেয়ের আনন্দই তো নিজের আনন্দ!”

ঈদ উপলক্ষে মিরপুর চিড়িয়াখানার গেইট দর্শনার্থীদের জন্য খুলছে সকাল ৯টায়। বুধবার ঈদের দিন ভিড় তুলনামূলকভাবে কম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকেই নানা বয়সী মানুষের ‘উপচেপড়া ভিড়’ দেখা গেছে বলে জানান চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদ উপলক্ষে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুই জোড়া আফ্রিকান সাদা সিংহ, এক জোড়া কালো ভাল্লুক আনা হয়েছে মিরপুর চিড়িয়াখানায়।

এছাড়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি চারটি উট পাখি আর একজোড়া উট কিনেছে। অনুদান হিসেবে পাওয়া গেছে ৪০টি ইমু। আরো এসেছে শতাধিক লাভ বার্ড।

কিউরেটর বলেন, “নতুন এসব প্রাণীর খাঁচার সামনে নানা বয়সী মানুষের ভিড় ছিল সারা দিন। তাছাড়া চিড়িয়াখানার জাদুঘরটিতে শিশু-কিশোরদের ভিড় দেখা গেছে।”

ঈদুল আযহা উপলক্ষে জাতীয় জাদুঘর এবং স্বাধীনতা জাদুঘরে চলছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। জাতীয় জাদুঘরে দেখানো হচ্ছে অ্যাকশন-ফ্যান্টাসি ‘মাঙ্কি কিং’ ও ‘মনস্টার হান্ট’। স্বাধীনতা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস-পার্ট টু’ ও ‘জঙ্গল বুক’ সিনেমা দুটি।

জাতীয় জাদুঘরের কিপার ‍শিহাব শাহরিয়ার জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় জাদুঘর খুলে দেওয়ার পর চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও জাদুঘরের বিভিন্ন নিদর্শন দেখতেও ভিড় করে নানা বয়সী মানুষ।

যমুনা ফিউচার পার্কের কার্নিভাল আর ফিউচার ওয়ার্ল্ডে ভিড় ছিল ঈদের দিনেও। বৃহস্পতিবার কার্নিভালের রাইডগুলোতে ভিড় আরও বেড়েছে জানিয়ে যমুনা ফিউচার পার্কের বিপণন কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, “শিশুদের জন্য ফিউচার ওয়ার্ল্ডে ছিল নানা আয়োজন। সেখানেও শিশুদের বেশ ভিড় ছিল।”

ঈদের দিন বন্ধ থাকলেও বৃহস্পতিবার খুলে দেওয়া হয় চন্দ্রার নন্দন পার্ক। সকাল থেকেই ওয়াটার ওয়ার্ল্ড ও ড্রাই পার্কের বিভিন্ন রাইডে ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি।

নন্দন পার্কের প্রধান বিপণন কর্মকর্তা জুবায়েদ আল হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে পার্কে এবার ষাটোর্ধ্ব দর্শনার্থীদের টিকেটে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছেন তারা।

এছাড়া দম্পতিদের জন্য রয়েছে লটারি। তাতে পুরস্কার হল পশ্চিমবঙ্গ সফরের টিকেট আর তিন রাত দুই দিনের হোটেল সুবিধা।

শিশুদের জন্য রচনা লেখার প্রতিযোগিতারও আয়োজন করে নন্দন পার্ক কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে কাটানো ঈদের স্মৃতি নিয়ে শিশুদের সেসব লেখা পার্কে প্রদর্শন করা হয়। সেরা লেখার জন্য রয়েছে গিফট হ্যাম্পার।

ঈদ সামনে রেখে প্রযোজনা সংস্থাগুলো নতুন সিনেমা মুক্তি দিলেও এবার তেমন দর্শক পায়নি ঢাকার প্রেক্ষাগৃহগুলো। 

এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান-বুবলি জুটির ‘ক্যাপ্টেন খান’,  সাইমন-মাহিয়া মাহির ‘জান্নাত’,  মাহিয়া মাহি-বনির ‘মনে রেখ’, রোশান-ববির ‘বেপরোয়া’ আর  সিয়াম-পূজার ‘পোড়ামন-২’।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-২’ মুক্তি পেয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। তবে এ সিনেমার টিকেটের জন্য ‘তেমন ভিড় নেই’ বলে জানান সিনেপ্লেক্সের কাউন্টারে থাকা কর্মকর্তা মো. রুমি। তবে সিনেপ্লেক্সে ইংরেজি সিনেমাগুলো ভালো চলছে বলে জানান তিনি।

সিনেপ্লেক্সে থ্রি-ডি সিনেমা মিশন ইম্পসিবল ফল আউট‘ দেখতে আসা রুমানা মিশকাত বলেন, "ঈদের পরদিন বেড়ানো মানে বড় পর্দায় একটা সিনেমা দেখা। সময়টা সুন্দর কাটে।"

নীলক্ষেতের বলাকা সিনেমা হলে চলছে মাহিয়া মাহি-বনি অভিনীত ‘মনে রেখ’। হলের সুপারভাইজার মো. হানিফ শিকদার বললেন, দর্শক সংখ্যা তাদের প্রত্যাশার চেয়ে ‘অনেক কম’। বৃহস্পতিবার দুপুরের শোতে হলের এক তৃতীয়াংশ আসনও ভরেনি।

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারস সিনেমাসে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ সিনেমা দুটি। সেখানেও ইংরেজি ভাষার চলচ্চিত্রের চেয়ে নতুন দুটি ঢাকাই সিনেমার দর্শক কম বলে জানালেন প্রেক্ষাগৃহের কর্মকর্তা সারোয়ার।