২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দিষ্ট স্থানে কোরবানি: সাড়া না পেয়ে মেয়রের হতাশা

দূষণ এড়ানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে গত কয়েক বছরের মত এবারও রাজধানীতে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিল সরকার, কিন্তু তাতে সাড়া না মেলায় হতাশা প্রকাশ করেছেন মেয়র সাঈদ খোকন।

ফয়সাল আতিক

তাবারুল হক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 06:41 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন

তিনি বলেছেন,“নগরবাসীর কাছ থেকে সেরকম সাড়া পাওয়া যায়নি। এটা হতাশাব্যাঞ্জক। তারপরেও নগরবাসীকে অনুরোধ জানাচ্ছি, ব্যবস্থাপনা রয়েছে। আপনারা নির্ধারিত স্থানে কোরবানি করুন।”

নগরবাসীর সহযোগিতা পেলে ঢাকায় কোরবানির পশু বর্জ্যের ৯০ থেকে ৯৫ শতাংশ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা সম্ভব বলেও আশা প্রকাশ করছেন ঢাকার দুই সিটি করপোরেশনের অধিকর্তারা।

বুধবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ; এই ধর্মীয় উৎসবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দেন মুসলমানরা।

বাংলাদেশে সারা বছর যে সংখ্যক পশু জবাই হয়, তার অর্ধেক হয় এই কোরবানির মওসুমে। এ সময় রাজধানীর অলিতে গলিতে যাত্রতত্র পশু জবাই করায় রক্ত ও পশুবর্জ্য ছড়িয়ে থাকে পুরো শহরময়। সেই বর্জ্য পরিষ্কার করাও সিটি করপোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এ কারণে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সরকার বেশ কয়েক বছর ধরেই রাজধানীতে পশু জবাই ও মাংস প্রক্রিয়া করার জন্য স্থান নির্ধারণ করে দিয়ে আসছে। এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান ঠিক করে সেখানে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়। 

কিন্তু ঈদের নামাজ শেষে বরাবরের মতই শহরজুড়ে শুরু হয় যত্রতত্র পশু কোরবানি। দুপুরের আগে ঢাকার অধিকাংশ এলাকার রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যায় রক্তমেশা পানি। 

কোরবানির পশু বর্জ্য সরিয়ে নিতে দুই সিটির পরিচ্ছন্নতাকর্মীরা সকাল থেকেই বিভিন্ন এলাকায় কাজ শুরু করেন। তবে বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় দুপুরে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বেলা ২টার দিকে ধোলাইখাল কাউয়ারটেক পশুর হাটে এবং উত্তর সিটি করপোরশেনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা উত্তরার ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ পশুর হাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কাউয়ারটেকে মেয়র সাঈদ খোকন বলেন, “নগরবাসী সহযোগিতা করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোরবানি বর্জ্যের ৯০-৯৫ ভাগ অপসারণ করতে পারব। গত বছর ২০ লাখ টন বর্জ্য অপসারণ করেছিলাম। এবার তার চেয়ে কিছু বেশি হবে। তবে আমাদের কর্মীর প্রস্তুত রয়েছেন।”

মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে দুই সিটি করপোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্নতা কর্মী রাজধানীজুড়ে কাজ করছে।

কোথাও বর্জ্য জমে থাকলে সেই তথ্য জানাতে এবার হটলাইন চালু করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হটলাইন নম্বর হলো ০৯৬১১০০০৯৯৯। আর ঢাকা উত্তরের অস্থায়ী কন্ট্রোল রুমের নম্বর ০২৯৮৩০৯৩৬।

কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় করনীয় জানিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করা হলেও নগরবাসী নির্ধারিত স্থানে না যাওয়ায় দুঃখ প্রকাশ করে সাঈদ খোকন বলেন, “অনেকে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানি দেবেন। আশা করব তারা সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি দেবেন।”

অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম মনে করছেন, নির্ধারিত স্থানে পশু জবাইয়ের হার আগের চেয়ে বেড়েছে।

“বর্জ্য যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সে বিষয়েও নগরবাসী সতর্ক হচ্ছে। তাছাড়া সিটি করপোরেশন থেকে দেওয়া পলি ব্যাগও তারা ব্যবহার করছেন।”

মাঠের চিত্র

দুপুরে ঢাকার মিরপুর, বড়বাগ, পীরেরবাগ, শ্যামলী এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ভবনের পার্কিংয়ে পশু জবাইয়ের পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণের কাজ চলছে।

এসব এলাকার রাস্তাঘাটে কিছু পশু জবাই করা হলেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কিছুক্ষণের মধ্যে সেখান থেকে ময়লা সরিয়ে নিয়েছেন।

সকালে পল্টন এলাকার পল্টন টাওয়ারের নিচে সড়কে কয়েকটি পশু জবাই করা হয়। সেখানে পশুর পেটের বর্জ্য অপসারণ করা হলেও পানি ছিটানো হয়নি। ফলে বিকাল ৪টার সময়ও রক্ত জমাট বেঁধে ছিল।

পল্টন টাওয়ারের নিচে ভ্রাম্যমাণ দোকানি সাহাবুদ্দিন বলেন, ওই এলাকার কয়েকজন বাসিন্দা কোরবানি দিলেও তারা মাংস নিয়ে চলে গেছেন। পানি ছিটানোর প্রয়োজন মনে করেননি।

একই সময়ে গুলিস্তান, ওয়ারী, সেগুনবাগিচা এলাকায় অলিগলি ঘুরে কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়নি।

রায়সাহেব বাজার এলাকায় বেলা ২টা থেকে মূল সড়কে পানি ছিটাতে দেখা যায় সিটি করপোরেশনের গাড়িকে।

সায়েন্স ল্যাবরেটরি ও সেগুনবাগিচার বিভিন্ন অলিগলির বাসিন্দারা নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণে উদ্যোগী হয়েছিলেন।

সায়েন্স ল্যাব এলাকার বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব বলেন, “কোরবানির পর পশুর বর্জ্য আমরা বস্তায় ভরে নিজ উদ্যোগে সিটি করপোরেশন নির্ধারিত স্থানে রেখে আসছি। তাছাড়া জবাইয়ের জায়গাও পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি।”

একই চিত্র দেখা গেছে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি ও দুর্নীতি দমন কমিশন এলাকায়। দুপুর হতেই কোরবানির বর্জ্য সরিয়ে নিতে তৎপর হতে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের।

সেখানে পরিস্থিতি দেখতে আসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল মোতালিব বলেন, “জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। তাদের সাথে নিয়ে সিটি করপোরেশনও অনেক উদ্যোগ নিয়েছে। আশা করছি, আমরা খুব দ্রুত আমাদের শহরটাকে পরিষ্কার করতে পারব।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইসিটি বিভাগের প্রধান আবু তৈয়ব রোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণ কাজ নগর ভবনে বসে ফেইসবুক লাইভের মাধ্যমে মনিটর করা হচ্ছে। সিটি করপোরেশনের ১২০ জন কর্মী এই কাজে যুক্ত আছে। তাদের লাইভে কোনো অপরিচ্ছন্ন এলাকা দেখতে পেলে ওয়াকিটকির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হচ্ছে।

উত্তরে পশু কোরবানির সার্বিক ব্যব্স্থাপনায় সন্তোষ প্রকাশ করেন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা। তিনি জানান, তার এলাকায় সাড়ে ১০ হাজার কর্মী বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন।