নগরজুড়ে পশু জবাই
মাথার ওপর মেঘলা আকাশ রেখে নামাজ শেষে গরু-ছাগল জবাই, মাংস বিলি আর রান্না-খাওয়ায় উৎসবের আমেজে ঈদুল আজহা উদযাপন করছেন সারাদেশে মুসলমানরা।
রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য আর বিচারপতিসহ সর্বস্তরের মানুষ সেখানে ঈদের নামাজের পর দেশবাসীর কল্যাণ কামনায় মোনাজাতে হাত তোলেন।
ঈদের দিন রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস ছিল, সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তবে ঈদের নামাজের সময় বৃষ্টি ভোগান্তির কারণ হয়নি। বেলা গড়ানোর পর মেঘের ফাঁকে সূর্যের হাসিও দেখা যায়।
ঈদ জামাত শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানির তোড়জোড়ে। আকাশে মেঘ থাকায় পশু জবাই আর মাংস ব্যবস্থাপনা নিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বৃষ্টি না হওয়ায় স্বস্তি এসেছে তাদের মনে।
সকালে বৃষ্টি হলে নামাজ ও কোরবানি দিতে সমস্যার কথাই বলেন সবাই। তবে ঈদের দিন বিকালে বৃষ্টি হলে পশুর বর্জ্য ধুয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকায় দিনের যে কোনো ভাগে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে; তবে তাতে দুর্ভোগের শঙ্কা কম।
এদিকে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণের ওপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কার্পোরেশনের মেয়র সাঈদ খোকন ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছেন।
তবে বরাবরের মতই নগরজুড়ে রাস্তা ও অলিগলিতে পশু জবাইয়ের দৃশ্য দেখা গেছে দুপুর পর্যন্ত।
সিটি করপোরেশনের হিসাবে এবার ঢাকায় প্রায় পাঁচ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশুর বর্জ্য সরিয়ে নিতে মাঠে রয়েছেন দুই সিটি কর্পোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
বর্জ্য অপসারণের সুবিধার জন্য ঢাকার দুই করপোরেশন মিলিয়ে প্রায় পাঁচ লাখ পলিব্যাগ দিয়ে রেখেছে নাগরিকদের। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য চালু করা হয়েছে হটলাইন।
এবার শুরুতে রাজধানীর পশুর হাটগুলোতে গরুর দাম বেশি বলে ক্রেতাদের অভিযোগ থাকলেও ঈদের আগের দিন দাম পড়ে যায়।
ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনবেন ৪৫ থেকে ৫০ টাকায়; ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা।
