কদমতলীতে পুলিশের গুলিতে দুইজন আহত
রাজধানীর কদমতলীতে পুলিশের গুলিতে হয়েছেন দুই যুবক আহত, যারা ডাকাত দলের সদস্য বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার রাত দেড়টার দিকে শ্যামপুর ধলেশ্বরী ঘাট এলাকায় এঘটনা ঘটে বলে কদমতলী থানার ওসি এমএ জলিল জানিয়েছেন।
আহতরা হলেন- মাসুম (২৩) ও শাহীন (২২)।
ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির উদ্দেশ্যে ১৪/১৫ জনের একটি দল জড়ো হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়।
“এতে এএসআই আইয়ুব আলী ও কনস্টবল মফিজুর রহমান আহত হন। পুলিশ পাল্টা গুলি ছোড়লে ওই দুজন সামান্য আহত হয়।”
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এই পুলিশ কর্মকর্তা বলেন, সেখান থেকে হেলাল, লিটন ও সজীব নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
“ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, ১টি চাপাতি, ১টি কুড়াল ও একটি শাবল উদ্ধার করা হয়েছে।”
