রায়ে আইনের ব্যাখ্যা দিতে উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
মামলার রায় দেওয়ার সময় আইনের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার উদ্যোগ নিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।
প্রতিনিধি দল এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্টে ২০১৭ সালের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীদের কাছে বিচার বিভাগ শেষ আশ্রয়স্থল।
রাষ্ট্রপতি বলেন, বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায় সেলক্ষ্যে বিচারবিভাগকে সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রতিবেদনের বিভিন্ন দিক, সুপ্রিম কোর্টের কৌশলগত পরিকল্পনা এবং হাই কোর্ট ও আপিল বিভাগের মামলা জট নিষ্পত্তির অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলেও জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি এসময় বিচারবিভাগকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মির্জা হোসাইন হায়দার, বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি নাইমা হায়দার এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন প্রতিনিধি দলে ছিলেন।
