জামিন হল না ৮ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাংচুরের অভিযোগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী জামিন চেয়ে আবারও ব্যর্থ হয়েছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ওই শিক্ষার্থীদের জামিন আবেদন নাকচ করে দেন।
রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় আসামি রাশেদুল ইসলাম, মুসফিকুর রহমান, হাসান, জাহিদুল হক ও নুর মোহাম্মদ জামিনের আবেদন করেছিলেন।
ভাটারা থানার করা মামলায় আসামিদের মধ্যে জামিন আবেদন করেছিলেন সাবের আহম্মেদ, শিহাব শাহরিয়ার ও সাখাওয়াত হোসেন।
রাকিবুল হাসানসহ আসামিদের আইনজীবীরা জামিনের শুনানিতে বলেন, এসব ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। যে ঘটনায় মামলা, তার সঙ্গেও তাদের সম্পৃক্ততা নেই।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক শিক্ষার্থীদের জামিন আবেদন নাকচ করেন।
এর আগে রোববার বাড্ডা থানার মামলায় আসামি তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ এবং ভাটারা থানার মামলায় আসামি মাসহাদ মুর্তজা আহাদ ও আজিজুল করিম অন্তরের জামিনের আবেদন নাকচ করেছিল আদালত।
এই ১২ জনসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ২২ ছাত্রকে গ্রেপ্তারের পর গত ৯ আগস্ট আদালতে হাজির করেছিল পুলিশ। সেদিন তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
গ্রেপ্তার ২২ জন বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে গত ৭ আগস্ট রামপুরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এরপর বাড্ডা ও ভাটারা থানায় করা দুটি মামলায় এই ২২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
বাড্ডা থানার মামলায় ১৪ ছাত্রকে আসামি করা হয়েছে। তারা হলেন- রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
ভাটারা থানার মামলার আসামি ৮ ছাত্র হলেন আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান,শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান।
বিভিন্ন মহল থেকে এই শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হচ্ছে।
গ্রেপ্তার ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে তাদের মুক্তির দাবি জানিয়ে সোমবার ঢাকার শাহবাগে সমাবেশ করে তাদের একদল সহপাঠী
সহপাঠীদের কর্মসূচি
গ্রেপ্তার ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়ে মুক্তির দাবি জানিয়ে সমাবেশ করেছে তাদের একদল সহপাঠী।
সোমবার বিকালে শাহবাগে জাতীয় জাতীয় জাদুঘরের সামনে 'নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ (বেসরকারি বিশ্ববিদ্যালয়)' ব্যানারে এই সমাবেশ হয়।
এই কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'আমার ভাই আটক কেন, সরকারের কাছে জবাব চাই', 'ফ্যাসিবাদী রাষ্ট্র, আর না আর না’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন।
সমাবেশে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা বলেন, “যারা পুলিশের সাথে হামলায় অংশ নিয়েছে সরকার তাদের গ্রেপ্তার না করে নিরাপরাধ শিক্ষার্থীদের জেলে নিয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করছি।"
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ হোসেন বলেন, "নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন, তা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়েছে। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ও সেই আন্দোলনে অংশগ্রহণ করে।
“সেই শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও যুবলীগ হামলা করেছে। কিন্তু হামলাকারীদের না ধরে ধরা হয়েছে আন্দোলনকারীদের। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
