ঢাকায় ৪ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো.মাসুদুর রহমান জানান, রোববার রাতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা জেএমবির সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
“জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর জন্য তারা বোমা তৈরির সরঞ্জাম নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।”
গ্রেপ্তার ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল।
তার আবেদনে সায় দিয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর পাঁচদিন রিমান্ডের আদেশ দেন।
