২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতিরাষ্ট্রের স্বপ্নের বাস্তবায়ন বঙ্গবন্ধুর নেতৃত্বে’

বাঙালির জন্য একটি জাতি রাষ্ট্রের স্বপ্ন অনেকে দেখলেও তার বাস্তবায়ন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 12:54 AM

Updated : 19 Aug 2022, 02:28 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমির ধারাবাহিক আয়োজনে রোববার ‘বাঙালির বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতানুষ্ঠানে এই দিকটির উপর আলোকপাত করেন কবি কামাল চৌধুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের প্রথম বাঙালি যার অধীনে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় ঐক্য, বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় অবয়বে।

“অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আগে অনেকেই দেখেছেন কিন্তু বাস্তবায়ন ঘটেছে বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে। বঙ্গবন্ধু স্পষ্ট করেছেন যে, তিনি একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। বঙ্গবন্ধু এ কাজটি সম্পন্ন করতে পেরেছেন বলেই তিনি বাঙালি জাতিরাষ্ট্রের জনক।”

ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন যে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল, সেই সংগ্রামে বঙ্গবন্ধু মূল নেতা হিসাবে আবির্ভূত হন।

কামাল চৌধুরী বঙ্গবন্ধুর সেই ভূমিকার কথা তুলে ধরে বলেন, “তার নেতৃত্বে বাঙালি একত্রিত হয়ে এক অখণ্ড বাঙালি জাতিতে পরিণত হয়েছিল। সংগ্রাম ও আন্দোলনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার মূলমন্ত্রে উজ্জীবিত করে একটি সংগ্রামমুখী সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন।”

বঙ্গবন্ধুকে বাঙালির ইতিহাসের প্রধান নায়ক অভিহিত করে তিনি বলেন, “বাঙালির জাগরণের চূড়ান্তপর্বে জাতি ও তার নাম সমার্থক হয়ে উঠেছিল। আজও বাঙালি এবং তার পরিচয় সমার্থক।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “যত চেষ্টাই হোক না কেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করা যাবে না। বস্তুত বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশ একাকার হয়ে গেছে।

“জীবদ্দশায় তিনি যেমন আমাদের সংগ্রাম ও সংকল্পে প্রতীক ছিলেন, মৃত্যুর এত বছর পরও তিনি তার সেই স্থানেই স্বমহিমায় বিরাজিত রয়েছেন।” 

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি চার দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার বিকালে বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে দেশ-বিদেশের লেখকদের চারশতাধিক বই ও সংকলন স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।