এনডিসি ও ডিএসসিএসসি পর্ষদের যৌথসভা
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিচালনা পর্ষদের ষোড়শ যৌথসভা রোববার সশস্ত্রবাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনডিসি ও ডিএসসিএসসি পরিচালনা পর্ষদের যৌথসভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবএবং ঢাকা, জাহাঙ্গীরনগর, বিইউপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দুটির উন্নতি ও অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে দেশের নিরাপত্তা ও উন্নয়নের সাথে সংগতি রেখে সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়ার ধারাকে অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী জ্ঞানভিত্তিক সামরিক-অসামরিক নেতৃত্ব তৈরি এবং জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।
শেখ হাসিনা বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত নীতিমালার আলোকে আমরা ‘আর্মড ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করে সশস্ত্রবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি ।
“ন্যাশনাল ডিফেন্স কলেজ দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহবন্ধুপ্রতীম রাষ্টের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে । ফলে এনডিসি’র সুনামবর্হিবিশ্বেও বিস্তৃত হয়েছে । পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীসহবন্ধুপ্রতীম রাষ্টের মধ্যম পর্যায়ের অফিসারদের কমান্ড ও স্টাফ হিসেবে পারদর্শী করে গড়ে তুলতে অবদান রেখে যাচ্ছে ।”
এনডিসি এবং ডিএসসিএসসির কমান্ড্যান্ট নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।
