২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে মুখোশধারীদের গুলিতে যুবলীগের তিন জন আহত

পুরান ঢাকায় রাতের আঁধারে মুখোশধারীদের গুলিতে স্থানীয় যুবলীগের তিনজন আহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 12:25 AM

Updated : 19 Aug 2022, 02:27 PM

এরা হলেন- ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল (৩২), ওই ওয়ার্ডের ৩ নং ইউনিটের সভাপতি রবিন (৩০) ও যুবলীগকর্মী কাজল (৩৭)।

শনিবার রাতে রাজধানীর ওয়ারীর দক্ষিণ মুসন্দিতে এই ঘটনা ঘটে বলে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ৯টার দিকে দক্ষিণ মুসন্দির একটি মাংসের দোকানে স্থানীয় যুবলীগের কয়েকজন বসে ছিলেন। এ সময় ৫-৬ জন মুখোশধারী যুবক সেখানে এসে তিনজনের পায়ে গুলি করে দ্রুত হেঁটে চলে যায়।

“প্রাথমিক তদন্তে জানা গেছে এই যুবলীগ নেতারাসহ বেশ কয়েকজন সেখানে বসে এলাকার কোন এক বিষয় নিয়ে দুপক্ষের সঙ্গে শালিস বৈঠক করে। কোনো পক্ষই শালিসের সিদ্ধান্ত না মানায় তা বাতিল হয়ে যায়। দুই পক্ষ চলে যাওয়ার পর যুবলীগের এই নেতারা সেখানে আড্ডা দিচ্ছিল।”

ঘটনার পরপরই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনার পর সিসি ক্যামেরার ধারণ করা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, যারা এসেছিল তাদের প্রত্যেকে ‘মাংকি ক্যাপ’ পরা ছিল।

“এটা রাজনৈতিক না অন্য কোনো কারণে ঘটেছে- তা তদন্ত করে জানা যাবে।”