২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে আইনমন্ত্রীর অভয়

নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনার মধ্যেই তাকে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2018, 08:10 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

তিনি বলেছেন, “আপনি ভয় পাবেন না। বাঙালিরা কখনো কোনোদিন অনিয়ম করেনি। যদি করে থাকে কিছু কুচক্রিমহল অনিয়ম করেছে।”

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলোর চারগাছ এন আই ভূঁঞা ডিগ্রি কলজে মাঠে এক জনসভায় মন্ত্রীর এমন বক্তব্য আসে। 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনের ভোট করে প্রশংসিত হয় নূরুল হুদার কমিশন। তবে এরপর খুলনা, গাজীপুর, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটির ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়তে হয় বর্তমান ইসিকে।

এই পরিস্থিতির মধ্যেই আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নূরুল হুদার কমিশনের সামনে।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বড় নির্বাচনে অনিয়ম হবে না- এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কোনো নির্বাচনে যদি অনিয়ম হয়, তাহলে নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়।

তার ওই বক্তব্য নিয়ে গত দুদিন ধরেই নানা আলোচনা চলছে। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এরপর আর পদে থাকার অধিকার নেই নূরুল হুদার। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে আরও ‘সংযত’ হওয়ার পরামর্শ দিয়েছেন।

জাতীয় শোক দিবস সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমাদের প্রধান নির্বাচন কমিশনার আশঙ্কা করছেন আগামী নির্বাচনে হাঙ্গামা হতে পারে। আপনার কমিশন ঠিক করে আপনি সুষ্ঠ নির্বাচন দেন। আমাদের বাঙালি ভাই বোনেরা কোনো অনিয়ম ছাড়াই ভোট দেবে।”

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, “তাদের যৌক্তিক আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন করেছি।

“কিন্তু বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ওই আন্দোলনকে উত্তাপ দিয়ে সরকারের পতন ঘটানোর অপচেষ্টা করেছিল।”

আর এর মধ্যে ড. কামাল হোসেনও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ‘ষড়যন্ত্র করে সরকার ফেলে দিতে চেয়েছিল’ বলে অভিযোগ করেন সরকারের আইনমন্ত্রী।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র  কখনো আমাদের বন্ধু ছিল না। ১৯৭১ সালে পাকিস্তানিদের পক্ষ হয়ে আমাদের চরম বিরোধিতা করেছিল। এখনো তারা পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াতের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

মূলগ্রাম ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তরা গ্রুপের চেয়ারম্যার মতিউর রহমান।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।