অনুমতি ছাড়া খালেদার বক্তব্য দিয়ে বই, গ্রেপ্তার ২
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে দেওয়া খালেদা জিয়ার বক্তব্য ও মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে অনুমতি ছাড়া বই আকারে প্রকাশ করার অভিযাগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০
গ্রেপ্তাররা হলেন- আবদুর রহমান নূর রাজন ওরফে রাজন বেপারী (৩২) এবং মেহেদী আরজান ইভান (৩৭)।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুইজন অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাইবার এনালিস্ট।
তিনি জানান, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে যেসব বক্তব্য দিতেন আদালতের অনুমতি না নিয়েই সেসব বই আকারে প্রকাশ করে আসছিল একটি চক্র।
এই খবর পেয়ে গোপনে অনুসন্ধান করে জানা যায়, এসব বই সিলেটে গোপনে ছাপিয়ে ঢাকায় আনা হচ্ছে।
এসএ পরিবহনের পার্সেলের মাধ্যমে বইয়ের একটি চালান ঢাকায় আনার খবর পেয়ে অভিযান চালায় র্যাব।
র্যাব কর্মকর্তা মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এসএ পরিবহনের কাউন্টার থেকে পাঁচটি বড় কার্টনভর্তি বই পাওয়া যায় এবং এই বই নিতে আসা রাজন বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে মিরপুর ৬ নম্বর সেকশন থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়।
দুইজনকে গ্রেপ্তারের পর জানা যায়, তাদের বন্ধু ওয়াসিম ইফতেখারুল হক, শিপন মোল্লা, বৈরম খাঁ ওরফে রেজওয়ানুল হক সুমন এবং আব্দুর রউফ চৌধুরী এসব বই প্রকাশ করেন। তারা খালেদা জিয়ার বক্তব্য ছাড়াও এজাহরের কপি, অভিযোগপত্রের কপি এবং বিভিন্ন ব্যক্তির বক্তব্য দিয়ে এই বই করেছে।
“চলমান একটি মামলার বিষয়ে আদালতের অনুমতি না নিয়ে এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে বই প্রকাশ করায় তা প্রকাশনা আইনে অপরাধ,” বলেন র্যাব কর্মকর্তা মহিউদ্দিন।
বই প্রকাশ করা ছাড়াও চক্রটি চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রন্তিকর তথ্য ছড়িয়েছে বলেও দাবি তার।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
