বিক্ষোভের পর ছাড়া পেল ঢাবির ৩ শিক্ষার্থী
ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিন শিক্ষার্থীকে মারধরের পর পুলিশে তুলে দিয়েছিল ছাত্রলীগ; দিনভর বিক্ষোভের পর প্রক্টরের সুপারিশে থানা থেকে ছাড়া পেয়েছেন তারা।
এই তিন শিক্ষার্থী হলেন গণিত বিভাগের তারিকুল ইসলাম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাদ্দাম হোসেন ও পদার্থ বিজ্ঞান বিভাগের জোবাইদুল হক রনি।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার সকালে এই তিনজনসহ ছয় শিক্ষার্থীকে ফজলুল হক হলে মারধর করা হয়। পরে এর মধ্যে তারিকুল, সাদ্দাম ও রনিকে পুলিশে তুলে দেন হল ছাত্রলীগের নেতারা।
মারধরের শিকার অন্য তিন শিক্ষার্থী হলেন তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের মশিউর রহমান সাদিক, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের জাহিদ।
তিন শিক্ষার্থীর মুক্তির দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, যার মধ্যে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।
বিক্ষোভের এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী শাহবাগ থানা পুলিশের সঙ্গে কথা বলে আটক তিন ছাত্রের মুক্তির প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের।
এরপর বিক্ষোভরত শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এরপর ওই তিন শিক্ষার্থীকে মুক্তি দিলে শিক্ষার্থীরা তাদের ফুলের মালা পরিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, “আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে।”
ফজলুল হক হল ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার সিদ্দিক সিসিম সাংবাদিকদের বলেন, “তাদেরকে পুলিশ কেন ছেড়ে দিয়েছে, তা পুলিশই ভালো বলতে পারবে৷ কিন্তু আমরা তাদের ফেইসবুক চ্যাটগ্রুপে গুজব ছড়ানোর প্রমাণ পেয়েছি।”
প্রক্টর গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের ল্যাপটপে গুজব ছড়ানোর প্রমাণও পাওয়া গেছে। তবে তারা যেহেতু আমাদেরই শিক্ষার্থী, তাই তাদের আরেকবার সু্যোগ দেওয়া হয়েছে।”
এদিকে প্রক্টরিয়াল টিমের কাজে বাধা দেওয়ায় এবং প্রক্টরিয়াল টিমের এক সদস্যকে হেনস্তা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ফিন্যান্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আল ফারাবীকে বহিষ্কারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন প্রক্টর গোলাম রাব্বানী।
তিনি বলেন, “ব্যবসায় অনুষদের ভেতর এই শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমের এক সদস্য ভিডিও করার সময় তাকে বাধা দিয়ে ফোন কেড়ে নেন এবং হেনস্তা করেন। প্রাথমিক তদন্তে তা প্রমাণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
