২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার দিতে দেরি, ঢাবির হল ক্যান্টিনের ম্যানেজারকে ছাত্রলীগ নেতার মারধর

কক্ষে খাবার পাঠাতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ক্যান্টিন ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 09:42 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

মঙ্গলবার দুপুরে বিজয় একাত্তর হলের ক্যান্টিনে এই ঘটনা ঘটান ব্যবসায় শিক্ষা অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শফিক ফকির।

শফিক ওই হলের আবাসিক শিক্ষার্থী ও ‘পদ্মা ১০০০২’ নম্বর কক্ষে থাকেন। 

ঘটনার জানার পর শফিককে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে বলে প্রাধ্যক্ষ এজেএম শফিউল আলম ভুইয়া জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। সঙ্গে সঙ্গে তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে ক্যান্টিন ম্যানেজার জুয়েল মিয়াকে ফোন করে নিজের কক্ষে খাবার পাঠাতে বলেন শফিক ফকির। ক্যান্টিনে ভিড় থাকায় খাবার পাঠাতে দশ মিনিট দেরি হয়।

Image
ছাত্রলীগ নেতা শফিক ফকির (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

ছাত্রলীগ নেতা শফিক ফকির (ফেইসবুক থেকে নেওয়া ছবি)

এর মধ্যে দুইজন ছাত্রকে ক্যান্টিনে পাঠিয়ে ফোন ধরিয়ে দিতে বলেন শফিক। পরে ফোনে জুয়েলকে অকথ্য ভাষায় গালাগালি করেন তিনি। এসময় জুয়েল বকেয়া টাকা চাইলে আরও ক্ষিপ্ত হন শফিক এবং ক্যান্টিনে এসে ম্যানেজারকে দেখে নেওয়ার হুমকি দেন।

কিছুক্ষণ পর শফিক ফকির ক্যান্টিনে হাজির হয়ে ম্যানেজারকে আরেকদফা গালাগালি করেন এবং তাকে কাউন্টার থেকে উঠে আসতে বলেন। ম্যানেজার জুয়েল গালাগালির প্রতিবাদ করলে শফিক আরও ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে কাউন্টার থেকে বরে করে এনে জুতা দিয়ে পেটান।

ক্যান্টিন ম্যানেজার জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন, “রমজানের আগে থেকেই তিনি ক্যান্টনে বাকীতে খান। রোজার মধ্যে ১২০০ টাকা বাকী হয়। রোজা পেরিয়ে গেলেও টাকা দেননা। এছাড়াও প্রায়ই মাঝে মাঝে রুমে খাবার পাঠাইতে হয়।

“আজকে রুমে খাবার পাঠাইতে একটু দেরি হওয়াই শফিক লোক পাঠান ক্যান্টিনে। ক্যান্টিনে এসে তার লোক আমাকে ফোনে শফিকের সঙ্গে কথা বলতে বলে। আমি ফোন করলে খাবার দেরিতে পাঠানোর কৈফিয়ত চান। খাবার পাঠিয়ে দিয়েছি বলে কিছু টাকা চাইলে ফোনেই গালাগালি করে পরে ক্যান্টিনে আসেন। পরে আমাকে ক্যান্টিনের বাইরে নিয়ে জুতা দিয়ে মুখে, মাথায় মারধর করেন।"

এ বিষয়ে জানতে শফিক ফকিরের মোবাইলে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

শফিকের এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, “এ বিষয়ে আমি এখনও অবহিত না। ঘটনার সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”