আহত কর্মীদের দেখতে হাসপাতালে শেখ হাসিনা
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলায় দলের আহত কর্মীদের হাসপাতালে গিয়ে দেখে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান তিনি।
এক চোখ নষ্ট হতে বসা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আরাফাতুল ইসলাম বাপ্পীসহ ওই হাসপাতালে চিকিৎসাধীন চারজন দলীয় কর্মীর সার্বিক খোঁজখবর নেন আওয়ামী লীগ সভানেত্রী।
উন্নত চিকিৎসার জন্য তাদেরকে প্রয়োজন হলে বিদেশ পাঠাতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
ওবায়দুল কাদের বিকালে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কর্মী আরাফাত বাপ্পীর একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাকে ভারতের চেন্নাই পাঠানো হচ্ছে।
