মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁইয়া মারা গেছেন
মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁইয়া আর নেই।
৬৬ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা সোমবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার সন্ধ্যার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর সংবাদটি জানান।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কামরুল হাসান ভূঁইয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সন্ধ্যার দিকে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
যশোর জিলা স্কুল এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন কামরুল হাসান ভূঁইয়া।
১৯৭১ সালের ১৩ এপ্রিল এইচএসসি পরীক্ষার আঠারো দিন আগে ২৫ মার্চ পাকিস্তানিবাহিনী বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরে।
স্বাধীনতার পর ১৯৭৪ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে পরের বছর ১১ জানুয়ারি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন।
১৯৯৬ সালের পরে ১২ জুলাই সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি।
কামরুল হাসান ভূঁইয়া ১৯৮৩ সালে বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি ‘সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ’ এর চেয়ারম্যান ও প্রধান গবেষকও ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক তার বইয়ের সংখ্যা ২৩টি। এছাড়াও সামরিক ইতিহাসের ওপর একটি এবং তিনটি শিশুতোষ গ্রন্থও রয়েছে তার।
মুক্তিযুদ্ধ নিয়ে তার রচিত শিশুতোষ বইগুলোর মধ্যে রয়েছে, ‘আমার নাতনী ইউসরা’, ‘শিশুযোদ্ধা নুরু, ‘বীরযোদ্ধা কিশোর রমজান’, ‘বীর যোদ্ধা ইমান আলী,‘ ‘মুক্তিযোদ্ধা মাঝি আব্বাস’।
এছাড়াও রয়েছে ‘জনযুদ্ধের গণযোদ্ধা’, ‘২ নম্বর সেক্টর এবং কে ফোর্স কমান্ডার-খালেদের কথা’ (সম্পাদিত), ‘একাত্তরের কন্যা, জায়া, জননীরা’, ‘পতাকার প্রতি প্রণোদনা’, ‘মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অবদান’, ‘একাত্তরের দিনপঞ্জি’।
মুক্তিযুদ্ধবিয়ষক সাহিত্যে অবদান রাখায় ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি।
