২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস নেমেছে রাস্তায়, সংখ্যায় কম

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘট শেষে রাস্তায় বাস নামতে শুরু করলেও তা সংখ্যায় কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 11:29 AM

Updated : 11 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

সোমবার থেকে বাস চলবে: মালিক সমিতি
চলছে না বাস, দুর্ভোগ চলছেই
বাস নেই, থমকে আছে মহাসড়ক
বাসহীন সড়কে দুর্ভোগ চরমে

সোমবার সকালে ঢাকার বিভিন্ন মোড়ে বহু মানুষকে যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।

গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচালও শুরু হয়েছে বলে পরিবহন মালিকরা জানিয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ রোববার রাতে জানিয়েছিলেন, সারা দেশের পরিস্থিতি এখন তাদের কাছে নিরাপদ বলেই মনে হচ্ছে। এ কারণে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

যাত্রাবাড়ী এলাকার একাধিক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সংখ্যায় কম হলেও সকালে বেরিয়ে তারা বাসের দেখা পেয়েছেন।

নিকেতনের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সঞ্জিত বিশ্বাস বলেন, “কাল রাতে খবর পড়ছিলাম, আজ সড়কে বাস চলবে। কিন্তু বাসের সংখ্যা তো খুবই কম।”

লাব্বায়েক পরিবহনের একটি বাসে করে সকালে শনির আখড়া থেকে ফার্মগেইটে আসেন ইয়াসিন হোসেন।

তিনি বলেন, “খুব যুদ্ধ কইরা বাসে উঠছি। সড়কে ম্যালা মানুষ খাড়ায়া আছে। বাস পাইতাসে না। কন্ডাক্টরের লগে কথা কইলাম। কইল, বিকালের দিকে বাস নাকি আরো নামব।”

সকালে গুলিস্তান- নতুনবাজার রুটের বন্ধু পরিবহনের মিনিবাসের সংখ্যাও গত কয়েক দিনের তুলনা বেশি দেখা গেছে। উত্তরা, আবদুল্লাহপুর, মিরপুর, মোহাম্মদপুরেও বাস নেমেছে। তবে মগবাজার, মহাখালী, গুলশান এবং রামপুরা, বাড্ডার রাস্তায় বাস ছিল হাতে গোণা।

ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা প্রশান্ত সাহা জানান, কারওয়ান বাজার এলাকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে বলে তার মনে হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, “সড়ক নিরাপদ রয়েছে, এমন আশ্বাসে নিশ্চিত হয়ে সড়কে গাড়ি নামিয়েছি। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার গাড়ি ছাড়ছে। সকাল থেকে যাত্রীর চাপ রয়েছে।”

মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ভোর ৫টায় বাস চলাচল শুরু হয়েছে। ভোর থেকে যাত্রীরা আসছেন। ভরে গেলেই গাড়ি ছেড়ে যাচ্ছে। অন্যান্য জেলা থেকেও ঢাকার পথে আসছে গাড়ি।

গাবতলীতে শ্যামলী পরিবহনের কাউন্টারম্যান বিল্লাল হোসেন বলেন, “নির্দেশনা অনুযায়ী আমরা সব রুটের টিকেট বিক্রি করছি। গাড়িও ছাড়ছে।”

সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি চলাচল শুরুর খবর অনেকেই এখনো জানে না। এ কারণে বাস ছাড়ছে কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়বে। বাস চলতে মহাসড়কের কোথাও সমস্যা হচ্ছে না।"

গত ২৯ জুলাই ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর রাজপথ অচল করে টানা আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের মধ্যে বেশ কিছু গাড়ি ভাঙচুরের শিকার হয়।

এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা। বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে গাড়ি আটকাতেও দেখা যায়। ফলে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

এরপর রোববার রাতে মালিক সমিতির নেতা এনায়েত উল্লাহ বাস ছাড়ার ঘোষণা দিলে জনমনে স্বস্তি ফেরে।

গত আট দিন রাজধানীতে বিক্ষোভ-সংঘাতের পর সোমবার বেলা ১১টা পর্যন্ত কোথাও শিক্ষার্থীদের দেখা যায়নি। তবে বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।