আন্দোলনের সফলতার স্বার্থে ক্লাসে ফিরতে হবে শিক্ষার্থীদের: মেনন
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ‘দুর্বৃত্তরা’ মাঠে নেমে ছাত্রদের পথভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার মিন্টু রোডের বাসভবনে শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এ কথা বলেন।
তিনি বলেন, “কিশোর ছাত্ররা গত কয়দিন ধরে গণপরিবহনের ক্ষেত্রে যে নৈরাজ্য বিরাজ করছিল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা এটাও দেখিয়েছে যে, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং এটা নির্ভর করে যদি আমরা আইনের যথাযোগ্য প্রয়োগ করি।
“ছাত্রদের এই আন্দোলন ছিল অনন্য, কিন্তু এই সাফল্য ধরে রাখতে এখন সময় হয়েছে তাদের ফিরে যাবার। কারণ তাদের এই বিজয়কে ছিনিয়ে নিতে রাজনৈতিক দুর্বৃত্তরা ইতিমধ্যে মাঠে নেমেছে এবং হত্যা, ধর্ষণের গুজব ছড়িয়ে এসব ছাত্রদেরকে পথভ্রান্ত করতে চেষ্টা করছে।”
শনিবার আওয়ামী লীগ কার্যালয়ে আক্রমণ চালানো ‘রাজনৈতিক দুর্বৃত্তরা’ বিএনপি-জামায়াতের দাবি করে রাশেদ খান মেনন বলেন, “এখন এই ছাত্রদের আন্দোলনের সফলতার স্বার্থেই তাদেরকে শিক্ষালয়ে ফিরে যেতে হবে। শিক্ষক-অভিভাবকদের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। আমি এই দায়িত্ব পালনের জন্য আজকে উপস্থিত শিক্ষক-অভিভাবকদের আহ্বান জানাচ্ছি।”
মেনন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কেবল রাস্তায় নয়, শিক্ষা ক্ষেত্রেও সকল অসংগতি দূর করতে হবে। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, ক্লাসে পাঠদান না করা, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষকদের চাপ দেওয়া, বইয়ের বাহুল্য এসবও দূর করতে হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, “সরকার তাদের নয় দফা দাবি মেনে নিয়েছে এবং এখন তাকে বাস্তবায়নের জন্য সময় দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক কমিশনার ও শান্তিবাগ স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সেকেন্দার আলী।
