রাষ্ট্রপতির সঙ্গে নতুন সিএজির সাক্ষাৎ
সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার বিকালে নবনিযুক্ত মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সরকারি অর্থ ব্যয়ে সুষ্ঠু নিয়ম রক্ষায় যথা সময়ে নিরীক্ষার কাজ শেষ করার ওপর তাগিদ দেন।”
দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিরীক্ষা আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তিতে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিতেও আহ্বান জানান রাষ্ট্রপতি।
নতুন সিএসজি এসময় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান।
গত জুলাই মাসে অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরীকে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ দেয় সরকার।
গত ২৭ এপ্রিল সিএজি মাসুদ আহমেদ অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।
দুই দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ডেনমার্ক ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত।
রোববার ডেনমার্কের দূত মাইকেল হেমনিতি উইনথার এবং উত্তর কোরিয়ার দূত রি সং হাইয়ন পৃথকভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, “ডেনমার্কের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গা সমস্যা নিরসনে দেশটির সমর্থনের প্রশংসা করেন। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক দিন দিন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।”
বিদায়ী ডেনিশ দূত এসময় বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে পর্যটন খাতে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা উজ্জ্বল। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি এসময় বলেন, বাংলাদেশ-ডেনমার্ক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় একযোগে কাজ করছে, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অভিজ্ঞতা বিনিময় করছে।
উত্তর কোরিয়ার দূতের সাথে সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৩ সাল থেকে দুই দেশ ভালো সম্পর্ক বাজায় রেখেছে।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ইস্যুতে দুই দেশ একে অপরকে সাহায্য করছে।
বিদায়ী দূত তার কর্মকালে বাংলাদেশের আতিথেয়তা ও সহযোগিতার প্রশংসা করেন।
