‘তৃতীয় পক্ষকে শক্ত হাতে দমন করবে’ সরকার
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘ভিন্ন খাতে প্রবাহিত’ করতে ‘যারা কলকাঠি’ নাড়ছেন তাদের শক্ত হাতে দমন করা হবে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩ তম বৈঠকে সাম্প্রতিক এই আন্দোলন নিয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটি শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে শিক্ষকদের মাধ্যমে বোঝানোর সুপারিশ করেছে। ‘ক্রীড়ানকদের’ দমন করতে গিয়ে যাতে সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার না হয়, সেদিকেও নজর রাখতে বলেছে।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনের মধ্যে বাসভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটছে।
শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে সরকারের পক্ষ থেকে তাদের নয়টি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তারা রাজপথ ছাড়েনি। এই প্রেক্ষাপটে রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিতে ‘তৃতীয় পক্ষ’ নেমেছে।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, “আলোচনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিগুলো বাস্তায়ন হচ্ছে। এখন শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে যারা এটাকে ভিন্নখাতে প্রবাহিত করছে তাদের শক্ত হাতে দমন করা হবে।”
ঘটনার শুরুতে শিক্ষার্থীদের মধ্যে `আবেগ‘ কাজ করলেও এখন তা অন্য খাতে প্রবাহিত করার `দূরভিসন্ধি‘হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
টিপু মুনশি বলেন, “ঘটনার সঙ্গে একটি গোষ্ঠী জড়িত হয়ে পড়েছে তা এখন প্রমাণিত বলে স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানিয়েছেন। তিনি বলেছেন, আন্দোলনের পেছনে থেকে যারা কলকাঠি নাড়ছে, তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।”
কমিটির মতামতের বিষয়ে সভাপতি বলেন, “আমরা কমিটির পক্ষ থেকে আন্দোলন মোকাবিলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনার সুপারিশ করেছি। তাদের ওপর কোনোভাবে যেন বল প্রয়োগ না হয় সেই পরামর্শ দিয়েছি।”
শিক্ষার্থীদের আন্দোলনে যারা `কলকাঠি‘ নাড়ছে, আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কারও নাম বৈঠকে প্রকাশ করেছে কিনা জানতে চাইলে কমিটির সভাপতি বলেন, “এটাতো এখন স্পষ্ট। একটা ফোনালাপ প্রকাশ হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। সেই ফোনালাপে আন্দোলনে `মানুষ নামানোর‘ কথা বলা হয়।
বলা হচ্ছে, ওই ফোনালাপের একপ্রান্তের কণ্ঠ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর। অন্যপ্রান্তে ছিলেন নাওমি নামের আরেকজেন, যাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমীর খসরুর দাবি, ওই অডিও `বানোয়াট‘।
কমিটির সভাপতি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো নিয়েও বৈঠকে আলোচনা হয়।
“আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেইসবুক বন্ধ করার পরামর্শ দিয়েছিল। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা করা হয়নি।”
কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরকম একটি ঘটনার বিষয়ে কেন আগে থেকে গোয়েন্দা তথ্য পাওয়া গেল না- বৈঠকে সেই প্রশ্ন তোলেন আরেকজন সদস্য।
“উনি বলেন, আমরা টানা দশ বছর ক্ষমতায় আছি, সরকারের শেষ সময়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিল। সুতরাং আগেই এ ধরনের ঘটনার প্রস্তুতি রাখা উচিত ছিল। ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকা উচিত ছিল।”
কমিটির ওই সদস্য বলেন, “এর থেকে বড় আন্দোলন মোকাবেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এটা দমন করা আমাদের জন্য বড় কিছু নয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার।”
টিপু মুনশির সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
