২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে পাইপের মধ্যে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 07:17 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পৃথক দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে রোববার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।

এ আদেশের ফলে রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের রায়ই বহাল থাকছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী আবদুল হালিম। 

রোববার আপিলে তিনি নিজেই শুনানি করেন; রেলওয়ের পক্ষে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আবদুল হালিম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগের এ আদেশে রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবশ্যই ক্ষতিপূরণের ২০ লাখ টাকা দিতে হবে। তবে আগামী সাত দিনের মধ্যে আপিল বিভাগের এ আদেশের রিভিউ (পুনর্বিবেচনার আবেদন) চাওয়ার সুযোগ আছে এ দুই কর্তৃপক্ষের।”

আদালতের রায় অনুযায়ী জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনকে ১৪ অগাস্ট হাজির হয়ে আদালতের নির্দেশ না মানার বিষয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে বলে জানান হালিম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা থাকা কয়েক’শ ফুট গভীর একটি নলকূপের পাইপের ভেতরে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।

Image
চার বছরের জিহাদ

চার বছরের জিহাদ

ওই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করলে দুই দিন পর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন হাই কোর্টে এই রিট আবেদন করে, যাতে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

জিহাদকে উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুল হালিম রিট আবেদনটি করেন।

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করে। জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।

পরে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি ক্ষতিপূরণের পক্ষে রায় দেয় হাই কোর্ট। ২০১৭ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ পায়।

প্রকাশিত রায়ে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে দিয়ে রেলওয়েকে ১০ লাখ এবং ফায়ার সার্ভিসকে ১০ লাখ টাকা দিতে বলা হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করার নির্দেশ ছিল রায়ে।

কিন্তু ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় রেলওয়ে ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে আদালত অবমাননার নোটিস পাঠান রিটকারী আইনজীবী হালিম। নোটিসে ১৪ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বলা হয়।

কিন্তু দুই কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আদালত অবমাননার আবেদন করেন রিটকারী আইনজীবী আবদুল হালিম।

তবে তার আগেই হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে (আপিলের অনুমতি চেয়ে আবেদন) চেম্বার আদালতে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ।

কিন্তু চেম্বার আদালত গত বছরেরর ৭ নভেম্বর আবেদন দুটি আপিলের নিয়মিত পাঠিয়ে দেয়; যা রোববার খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

পুরনো খবর:

জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ: রেলের ডিজিকে আদালতে তলব