নির্দেশনা নয় ‘কারিগরি ত্রুটিতে’ ইন্টারনেট বিঘ্ন: বিটিআরসি
কোনো নির্দেশনা নয়, কারিগরি ত্রুটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।”
তবে কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাকির হোসেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কারিগরি সমস্যা নয়, ইন্টারনেটের ‘গতি কমানোর নির্দেশনা কার্যকর করায়’ এ সমস্যা হয়েছে।
শনিবার সন্ধ্যার পর মোবাইল ইন্টারনেটের ফোর জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেওয়া হয়েছে’ তাদের।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে।”
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেইসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে।
