আসামের নাগরিকপঞ্জি ‘সম্পর্কে প্রভাব ফেলবে না’
ভারতের আসামে নাগরিকপঞ্জির সংশোধিত খসড়া প্রকাশ নিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে দুই দেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা বৃহস্পতিবার আলাদাভাবে এ বিষয়ে একই মত প্রকাশ করেন।
বাংলাদেশের তৃতীয় ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) নিয়ে বিকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নাগরিকপঞ্জি নিয়ে আসাম সরকার ‘সুস্পষ্ট ব্যাখ্যা’ দিয়েছে এবং এ তালিকা নিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ‘প্রভাব পড়বে না’।
বিষয়টি নিয়ে কেউ কেউ ‘রাজনীতি করার চেষ্টা করছেন’ মন্তব্য করে শাহরিয়ার আলম বলে, এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ফাইল ছবি)
তিনি বলেন, “এটি কোনো পলিটিক্যাল প্রসেস নয়, জুডিশিয়াল প্রসেস, একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এটি একটি ড্রাফট, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি স্বচ্ছভাবে করা হবে। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর এটা কোন প্রভাব বিস্তার করবে না।”
সম্প্রতি ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) আসাম রাজ্যে নাগরিকপঞ্জির সংশোধিত খসড়া তালিকা প্রকাশ করে। তাতে ওই রাজ্যের ৪০ লাখের বেশি বাসিন্দা তালিকা থেকে বাদ পড়ায় সেখানে চলছে উত্তেজনা।
এর আগে আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অবৈধ ‘বাংলাদেশিদের’ চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই এএনআরসির নাগরিকপঞ্জি চূড়ান্ত করা হচ্ছে।
নাগরিকত্ব প্রমাণের জন্য বাসিন্দাদের আবেদনপত্রের সঙ্গে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে থেকে রাজ্যে বসবাস করছেন এমন প্রমাণপত্রও জমা দিতে হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি প্রকাশিত প্রথম তালিকায় মাত্র এক কোটি ৮০ লাখ মানুষের নাম ছিল। সংশোধিত তালিকায় আরও এক কোটির নতুন নাম যোগ হয়েছে। কিন্তু তারপরও বাদ পড়েছে ৪০ লাখের বেশি মানুষ, যা নিয়ে বাংলাভাষীদের মধ্যে রয়েছে উৎকণ্ঠা।
তবে আসাম সরকার আশ্বাস দিয়েছে, প্রকাশিত তালিকাটিও চূড়ান্ত নয়; যাদের নাম নেই তারা আপিল করার সুযোগ পাবেন। এ তালিকা ধরে এখনই কাউকে গ্রেপ্তার বা বিতাড়ন করা হবে না।
আগামী ৭ অগাস্ট ওই খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তালিকা থেকে যারা বাদ পড়েছেন তারা যথাযথ প্রমাণ নিয়ে ৩০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন বলে মঙ্গলবার জানিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
“রাষ্ট্রদূত বলেছেন, এটা কোর্টের একটা আদেশ। বিষয়টি এখনও চূড়ান্ত কিছু হয়নি। কাউকে ডিপোর্টও করা হবে না। গতকাল এনডিটিভিতে দেখেছি, ৪০ লাখের লিস্ট ফাইনাল ফিগার না এবং এটির আপিল করার সুযোগ আছে। কোনো লোককে দেশত্যাগে বাধ্য করার কোনো বিষয় এখানে নেই। এটি এখনো ফাইনাল স্টেজে যায়নি।”
ভারত থেকে গাড়ি কেনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে কাদের বলেন, “ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের আওতায় গাড়ি কেনা হচ্ছে। গতকাল বিআরটিসির জন্য ৩০০টি ডাবল ডেকার আনার প্রস্তাব অনুমোদন হয়ে গেছে। আশা করছি শিগগিরই অশোক লেল্যান্ড সরবরাহ করবে। এ বিষয়টি নিয়ে আলাপ করেছি।”
এছাড়া ভারতীয় ঋণের আওতায় ময়নামতি থেকে সরাইল, আখাউড়া, আগরতলা পর্যন্ত সড়ক চার লেইনে উন্নীতকরণে একটি প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, আগামী ২৯ অগাস্ট ওই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
কাদের জানান, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর দিল্লীতে ‘সামিট অন মোবিলিটি’তে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করতেই সচিবালয়ে এসেছিলেন ভারতের রাষ্ট্রদূত।
