২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীবের জন্য ঢাকায় হাতিয়াবাসীর মানববন্ধন

রাজধানীর কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হাতিয়া ছাত্র ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 11:32 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

গত রোববার ওই দুর্ঘটনায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম রাজিব ও দিয়া খানম মিম। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন শিক্ষার্থী।

নিহত রাজীব নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বাসিন্দা। ঢাকায় এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করছিলেন তিনি। দিয়া খানম মিম থাকতেন রাজধানীর মহাখালীতে বাবা-মায়ের সঙ্গে।

বাস চাপায় এই হতাহতের ঘটনায় ঢাকাসহ সারা দেশে গত ৫ দিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়া ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ঢাকা অধ্যয়নরত হাতিয়ার বাসিন্দারা।

সংগঠনের সভাপতি মো. শরীফ উদ্দিন বলেন, ছোট বেলায় বাবাকে হারানো রাজীব অনেক স্বপ্ন নিয়ে ভালো পড়াশোনা করার আশা নিয়ে ঢাকা রমিজ উদ্দিন কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু বেপরোয়া গণপরিবহনের আরেকটি খামখেয়ালিতে একটি স্বপ্নের মৃত্যু হলো।

মানববন্ধনে সংগঠনের সাবেক পরিচালক আবুল কাশেম, ইবরাহিম মেসবাহ, তাজুল ইসলাম তাজ, সাইদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।