পদত্যাগের দাবি ছাত্রদের নয়, বিএনপির: নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাজাহান খান বলছেন, তার পদত্যাগের যে দাবি উঠেছে- সেটা বিএনপির দাবি, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয়।
আর বিএনপি মহাসচিবের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান।
সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পত্রিকায় দেখেছি (বিএনপি মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার পদত্যাগ দাবি করেছেন।”
আন্দোলনরত শিক্ষার্থীদের হাতের প্ল্যাকার্ডেও একই দাবি দেখা গেছে জানানো হলে শাজাহান খান জোর গলায় বলেন, “(শিক্ষার্থীদের) নয় দফায় কোথাও আমার পদত্যাগের কথা নাই। নয় দফায় যেটা আছে ক্ষমা চাইতে হবে, আমি তাদের বলেছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।”
রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে এরপর অনেকেই অভিযোগ তোলেন, নৌমন্ত্রীর ‘মদদে’ চালকরা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।
ওইদিনই সচিবালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বক্তব্য জানতে চান সাংবাদিকরা।
মোংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন কেনার চুক্তিপত্র স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রথমে এ নিয়ে মন্তব্য করতে না চাইলেও পরে কথা বলেন নৌমন্ত্রী।
সেখানে প্রশ্ন শুনে মন্ত্রীকে হেসে হেসে উত্তর দিতে দেখা যাওয়ায় সমাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরদিন নৌমন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভও করে।
পরে মঙ্গলবার ‘নিজের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য’ দুঃখ প্রকাশ করে ‘অনিচ্ছাকৃত ভুল’ ক্ষমাসুন্দরভাবে দেখতে সবার প্রতি আহ্বান জানান নৌমন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “পদত্যাগের দাবি বিএনপির, বিএনপি তো শেখ হাসিনার পদত্যাগ চায়, তারা আমাদের সবার পদত্যাগ চায়, সরকারের পদত্যাগ চায়। বিএনপির এই দাবির বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে কখনো পদত্যাগের দাবি তোলা হয়নি দাবি করে মন্ত্রী বলেন, “এ ধরনের কোনো দাবি এখনও শুনিনি, নয় দফা এখনও আছে।”
শিক্ষার্থীরা দাবি তুললে পদত্যাগ করবেন কি না- এমন প্রশ্নে কিছু বলতে গিয়েও কথা থামিয়ে দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খান।
ঢাকায় ‘নিরাপত্তার অভাব’ দেখা দেওয়ায় পরিবহন শ্রমিকদের সতর্ক করে দেওয়া হয়েছে মন্তব্য করে শাজাহান খান বলেন, “তাদের বলেছি সারা দেশে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হলে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না।”
টানা বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও নিষেধ না মেনে রাস্তায় নেমে সপ্তাহের শেষ দিনও রাজধানী অচল করে রাখে শিক্ষার্থীরা।
এর মধ্যে পরিবহন মালিকরা নিরাপত্তার কথা বলে গাড়ি না ছাড়ায় দূরপাল্লার পরিবহন ব্যবস্থাও মোটামুটি ভেঙে পড়ার উপক্রম হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শাজাহান খান বলেন, “মালিকদের হ্যাঁও বলিনি, নাও বলিনি। যারা যারা নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন তারা (গাড়ি) বের করছেন না।”
শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করায় সড়কে গাড়ি কম কি না- এমন জিজ্ঞাসায় মন্ত্রী বলেন, “বাস্তবতা আপনারা নিজেরাও বোঝেন, কী আছে না আছে আপনারাও বোঝেন। আমি আপাতত এ ব্যাপারে কিছু বলতে চাই না।”
