ইআরএফ পুরস্কার পেলেন ১০ সাংবাদিক
অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ২০১৮ সালের বর্ষসেরা পুরস্কার পেয়েছেন ১০ জন সাংবাদিক।
বুধবার সন্ধ্যায় ইআরএফের কার্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান মনোয়ার হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রতিবেদনের মান ভালো। পত্র্রিকাগুলোতে রাজনৈতিক প্রতিবেদনের তুলনায় বেশি অর্থনৈতিক প্রতিবেদন থাকে।
“তবে কারও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করতে হলে অবশ্যই অভিযুক্ত ব্যক্তির সঠিক তথ্য জেনে তার সাথে কথা বলে প্রতিবেদন তৈরি করতে হবে।”
পুরস্কার প্রাপ্তরা হলেন- প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন, সুজয় মহাজন, শুভংকর কর্মকার, সমকালের ওবাইদুল্লাহ রনি, ডেইলি স্টারের সোহেল পারভেজ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন, জিটিভির রাজু আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের আব্দুল কায়ুম তুহিন, এসএটিভির সালাউদ্দিন বাবলু, যমুনা টিভির প্রতিবেদক আলমগীর হোসেন ও সুশান্ত সিনহা।
ব্যাংক-বিমা, পুঁজিবাজার, কৃষি অর্থনীতি, সাধারণ অর্থনীত এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিন ক্যাটাগরিতে (পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন) মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
বিজয়ীদের ৫০ হাজার টাকা চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন।
একই অনুষ্ঠানে পত্রিকা, টিভি এবং অনলাইন এই তিন ক্যাটাগরিতে ৯ জন সাংবাদিককে ফেলোশিপও দেওয়া হয়।
