২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ

জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকীকে সামনে রেখে পুরো অগাস্ট মাস কালো ব্যাজ ধারণ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 09:04 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

এছাড়া সব জেলা ও বিভাগীয় প্রশাসনকেও এই কর্মসূচি গ্রহণের বিষয়ে অবহিত করা হবে করা হবে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সভাপতিত্বে ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন নিয়ে ওই সভা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সভায় জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পুরো অগাস্ট মাস জুড়ে কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

“সকল জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনকে অনুরূপ কর্মসূচি গ্রহণের বিষয়ে অবহিত করা হবে।”

সরকারি দপ্তর ও সংস্থায় পতাকা অর্ধনমিতকরণ, ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিয়াম মিলনায়তনে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, কোরান খতম আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড রচনা প্রতিযোগিতা আয়োজন, সরকারি কর্মচারী হাসপাতাল রক্তদান কার্যক্রম ও বিশেষ ক্যাম্প পরিচালনা করবে।

১৬ অগাস্ট সচিবালয়ের কেন্দ্রীয়  মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।