অর্থ আত্মসাৎ: বিএনপি নেতা মোশাররফসহ তিন জন অভিযুক্ত
অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে সোমবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ মো. আতাউর রহমান এ আদেশ দেন।
বিচারক আগামী ১৯ অগাস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বলে মোশাররফের আইনজীবী মো. বোরহান উদ্দিন জানিয়েছেন।
অপর দুই আসামি হলেন- মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ অধিদপ্তরের প্রাক্তন লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান।
বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ২২ জুলাই আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য সোমবার দিন ঠিক করে।
মামলার নথি থেকে জানা যায়, খন্দকার মোশাররফ স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্ব ব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমনেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।
ওই ঘটনায় দুদকের উপপরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
