ভোটের মধ্যে ৩ নগরে বৃষ্টির আভাস
ভোটের তিন নগরীতে থেমে থেকে দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৮টা থেকে রাজশাহী, সিলেট ও বরিশালে ভোট শুরু হয়েছে। প্রায় ৯ লাখ ভোটার তিন সিটির ৩৯৫ কেন্দ্রে ভোট দিচ্ছেন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনী এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাসুম বিল্লাহ জানান, ভোরের দিকে রাজশাহী নগরে হালকা বৃষ্টি ছিল। পরে ভোট শুরুর সময় বৃষ্টি না থাকলেও পৌনে ৯টার সময় ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন সিটিতেই আজ বৃষ্টির আভাস রয়েছে। দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। কখনও বৃষ্টি হবে, কখনও রোদেলা আবহাওয়া; ফের বৃষ্টি।”
তিনি জানান, মধ্য শ্রাবণে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে সর্বত্র।
“সিলেটে কম বৃষ্টি হতে পারে। তবে বরিশাল ও রাজশাহীতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দিনের যে কোনো সময়ে। তবে সার্বিকভাবে ভোটের পরিবেশে বেশ বিঘ্ন হওয়ার শঙ্কা নেই। কারণ, কিছুক্ষণ বৃষ্টির পর আবহাওয়া ভালো হবে।”
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুবাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান রয়েছে।
সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে।
