২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার প্রশংসায় মুহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের একজন শীর্ষ নেতা অভিহিত করেছেন তার সরকারের বয়ঃজ্যেষ্ঠমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 01:38 AM

Updated : 19 Aug 2022, 02:24 PM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার বাংলাদেশ ট্রেড ক্যাটালগ আয়োজিত দেশের বাছাইকৃত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তার দলীয় নেত্রীকে প্রশংসায় ভাসান।

মুহিত বলেন, “আমি তার (প্রধানমন্ত্রী) সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করি। আমি যেটা লক্ষ্য করেছি, তার যে শীর্ষ নেতা হওয়ার যোগ্যতা, তা অনবরত উর্ধ্বমুখী আছে। এটা আমাদের একটি বড় সঞ্চয় এবং এটি একটি বড় উপাদান।”

বিষয়টি প্রণোদনাও দেয় অর্থমন্ত্রী মুহিতকে।

“আমাদের সরকারের কৃতিত্ব বলে আমরা বিবেচনা করি, কিন্তু সবচেয়ে এখানে যেটি কার্যকরি, সেটি হচ্ছে আমাদের একজন বিশ্বের শীর্ষ নেতা আমাদের সব সময় পরিচালনা করে যাচ্ছেন।”

মুহিত বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আমরা আজ এই জায়গায় এসেছি। এক সময় বাংলাদেশে অভাবে মৃত্যু হত, এখন অভাবে মৃত্যু দেশে আর হয় না।

“আমরা ১৫ ২০ বছরে ধরে দেশে যে নিরবচ্ছিন্নভাবে উন্নয়নের ধারা বহাল রাখতে সক্ষম হয়েছি, তাতে অন্ততপক্ষে অভাবকে বিদূরিত করেছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে সেরা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ১০টি কোম্পানিকে ‘গোল্ডেন পেন বিজনেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এগুলো হচ্ছে, ফু ওয়াং ফুড, বিবিএস কেবলস, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ইমরান গ্রুপ, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, বেস্টওয়ে গ্রুপ, প্রবাসী পল্লী গ্রুপ, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রি, বেসরকারি সংস্থা টিএমএসএস এবং একিউ লাইফ কেয়ার লিমিটেড।