সুনামগঞ্জের মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে সুনামগঞ্জে করা মানহানির এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন এ জে মুহাম্মাদ আলী। তার সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল-আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
আইনজীবী তানভীর পরে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২২ জুলাই কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গনে হামলায় আহত হয়ে মাহমুদুর রহমান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
“এর মধ্যে গত বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে মামলার তারিখ ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে সেদিন তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ হাসপাতাল থেকে থেকে তিনি হাই কোর্টে এসে আগাম জামিনের আবেদন করেছিলেন। আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে।”
গত বছরের ১৪ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ।
পুলিশ অভিযোগ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ আমলে নিয়ে সমন জারির আদেশ দেয়।
গত ২৬ জুলাই মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু সেদিন মাহমুদুর রহমান হাজির না হওয়ায় সুনামগঞ্জের আমল গ্রহণকারী বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই অভিযোগে সারাদেশে তিন ডজন মামলা হয়েছে। এর আগে গত জানুয়ারিতে তিনি ১৬টি মামলায় জামিন নিয়েছিলেন।
