২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি যাই হোক, ভোটের মাঠে থাকব: সরওয়ার

একদিন আগে ভিন্ন ইঙ্গিত দিলেও ভোটের আগের দিন সংবাদ সম্মেলন ডেকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার।

তাবারুল হক

বরিশাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

রোববার শহরের কাউনিয়ায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন ধানের শীষের প্রার্থী ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সরওয়ার।

তিনি বলেন, “যতই হামলা-মামলা হোক, যে কোনো ঘটনা ঘটুক না কেন, আমাদের নেতা-কর্মীদের মারধর করছে, তারপরও ঘোষণা করছি, যে কোনো পরিস্থিতি হোক, আগামীকালকের নির্বাচনে মাঠে থাকব ইনশাল্লাহ।”

দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার হয়রানির অভিযোগ জানিয়ে আসা বিএনপি প্রার্থী বলেন, “এই নির্বাচন সামাল দেওয়ার জন্য, অন্যায় মোকাবেলা করার জন্য বরিশালবাসীকে আহ্বান জানাই।”

ভোটের প্রচারের শেষ দিন শনিবার সরওয়ার সাংবাদিকদের বলেছিলেন, গ্রেপ্তার-হয়রানি চলতে থাকলে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে ‘কঠোর সিদ্ধান্ত’ নেওয়া হবে।

সেই সিদ্ধান্ত নির্বাচন বর্জন করা কি না- সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত কঠোরও হতে পারে।”

Image
মজিবুর রহমান সরওয়ার (শনিবারের সংবাদ সম্মেলনের ছবি)

মজিবুর রহমান সরওয়ার (শনিবারের সংবাদ সম্মেলনের ছবি)

বরিশালে বিএনপির সরওয়ারের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তাকে জেতাতে ভোট কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আসছে সরওয়ারের দল বিএনপি।

বরিশাল শহরের ‘বাইরের লোকজনকে বিভিন্ন কেন্দ্রের লাইনে দাঁড় করিয়ে ভোট নেওয়া হতে পারে বলে আশঙ্কা করেন ধানের শীষের প্রার্থী সরওয়ার।  

তিনি বলেন, “বাইরের জেলা-উপজেলা থেকে নগরীতে লোকের এমনভাবে সমাগম করা হয়েছে, যাতে করে তারা কালকে লাইনে ভোট দিতে পারেন। ভোটারদের আমরা বলেছি, আপনারা আইডি কার্ড উঁচিয়ে উঁচিয়ে ভোট দিবেন। এর মাধ্যমে বাইরের কারা আছে, তা ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে ধরা পড়বে।”

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ‘বাইরের লোকদের’ নগরী থেকে বের করে দেওয়ার দাবি জানান সরওয়ার।

তিনি বলেন, “তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বহিরাগতরা নির্বাচনে ডিস্টার্ব করবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে। তাদেরকে অচিরেই বরিশাল শহর থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হোক।”

নগরীর ছয়টি ওয়ার্ডকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে দাবি করে বিএনপি প্রার্থী বলেন, “২৬, ২৭, ২৯, ৩০, ২ ও ৭ নাম্বার ওয়ার্ড ঝুঁকিপূর্ণ ওয়ার্ড। এইসব ঝুঁকিপূর্ণ এলাকাতে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হোক।”

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “দুই-তিন দিন যাবৎ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পর গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বাড়ির পর বাড়ি, শত শত বাড়িতে হানা দেওয়া হচ্ছে। বিভিন্ন বাড়িতে হানা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

সরকারি দল বড় বড় সমাবেশ ও মিছিল করলেও বিএনপিকে তা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সরওয়ার।

“আমাদের সামান্য গণসংযোগ করতেও বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে।”

গ্রেপ্তার বন্ধ ও বাধা না দেওয়ার বিষয়ে হাই কোর্ট থেকে আদেশের পরও বিএনপির প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পুরনো খবর:

এভাবে সুষ্ঠু ভোট হয় না: সরওয়ার
নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হল: সরওয়ার