২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় ‘কাফন বেঁধে’ ভোটকেন্দ্রে যাবেন বুলবুল

দলীয় নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ ভোটকেন্দ্রে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

নিজস্ব প্রতিবেদক

ও রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 05:50 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

ভোটগ্রহণের আগের দিন রোববার তিনি সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। এ নির্বাচন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও তীব্র করবে। আগামীকালকে আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে ভোটযুদ্ধে যাব।”

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাড়ে পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা। তার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিএনপির দাবি।

দলীয় প্রধানকে কারাগারে রেখে সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রাখা বিএনপি সোমবার অনুষ্ঠেয় রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বুলবুলসহ বিএনপির মেয়র প্রার্থীরা অভিযোগ করছেন, কারচুপি করে তাদের হারানোর চক্রান্ত করছে ক্ষমতাসীনরা।

ভোটের আগের দিন দুপুরেও নগরীর চণ্ডিপুর এলাকার নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে চারটি অভিযোগ দেন রাজশাহীর বিদায়ী মেয়র বুলবুল। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ধানের শীষের ২৩-২৪ জন পোলিং এজেন্টকে খুঁজে ‘পাওয়া যাচ্ছে না’ অভিযোগ করে বুলবুল বলেন, “গত রাতে পোলিং এজেন্টের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাতে না যায়, এমনকি শহর ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়েছে। যদি কথা না শুনে, তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।”

ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যেতে রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানান ধানের শীষের প্রার্থী বুলবুল।

তিনি বলেন, “আমরা সকলের কাছে অনুরোধ করছি রাজশাহীর ঐতিহ্য লঙ্ঘন না করে ধৈর্যের সাথে ভোটকেন্দ্রে যাবেন। সীমা যেন কেউ লঙ্ঘন না করে। ধানের শীষের জোয়ার তৈরি হয়েছে শহরে।”

দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামের কাছে গিয়ে অভিযোগ দিয়ে আসেন বুলবুল।  

তার অভিযোগের মধ্যে রয়েছে, পোলিং এজেন্টসহ ৩০/৩২ জন বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, সাদা পোশাকের পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ভোট কেন্দ্রে না যেতে নিষেধ করা, ধানের শীষের প্রতীকের অফিসে অবস্থান করলে গ্রেপ্তারের হুমকি এবং প্রিজাইডিং অফিসারদের তালিকা না দেওয়া।