২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা

তিন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 10:18 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যিনি তিন সদস্যের জাতীয় অধ্যাপক মনোনয়ন কমিটির একজন।

তাদের এই মনোনয়নের বিষয়ে বলতে গিয়ে মুহিত বলেন, “কতগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে যেখানে কেউই দ্বিমত করেন না। এই তিনজনের ক্ষেত্রে এটিও সেরকম ছিল। আমি একটা কথা বলতে পারি, কোনো বছরই এবারের মত এতো ভালো নমিনেশন আমরা দেইনি।”

স্মৃতিচারণমূলক দীর্ঘ বক্তব্যে অর্থমন্ত্রী গুণী এই অধ্যাপকদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন।  

তিনি বলেন, “যারা সম্মানিত হয়েছেন তারা সবাই আমার ঘনিষ্ঠজন। রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ছিল। ১৯৪৯ সালে ঢাকা আসার আগ পর্যন্ত আমরা কলম-বন্ধু ছিলাম, একে অন্যকে লিখতাম।

“বিশ্ববিদ্যালয়ে আমার একটি ঘনিষ্ঠ বলয় গড়ে উঠেছিল আর সেই বলয়ের প্রাণপুরুষ ছিল আনিসুজ্জামান। এখনও আমি বাংলা নিয়ে কোনো সমস্যায় পড়লে ডিকশনারি না খুলে আনিসকে আমি ফোন দেই। ও আমাকে শুধু শব্দের অর্থই বুঝিয়ে দেয় না, শিক্ষকের মতো শব্দের ইতিবৃত্তও বলে দেয়। আর বয়সে আমাদের অনেক ছোট জামিলুর রেজা চৌধুরী স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও ইঞ্জিনিয়ারিংয়ের সব শাখায় ও পারদর্শী। এই তিন গুণীজনকে সম্মান জানানোয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ।”

গত ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সাবেক অধ্যাপক আনিসুজ্জামান ও রফিকুল ইসলাম এবং বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে সরকার।

আনিসুজ্জামান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক; রফিকুল ইসলাম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ইমিরিটাস অধ্যাপক ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা; আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এখন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্বে আছেন। 

অনুষ্ঠানের শুরুতেই এই তিন অধ্যাপককে নিয়ে আলাদা আলাদা সম্মাননাপত্র পাঠ করা হয়। পরে সেগুলো তাদের হাতে হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের অনূভুতি ব্যক্ত করেন এই তিন অধ্যাপক।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি ছিল আমাদের জন্য একটি উন্মুক্ত প্রান্তর। ছাত্রাবস্থার আগে থেকেই আমি এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরে বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন সেই বিভাগ থেকে দুইজন জাতীয় অধ্যাপক হয়েছে বলে খুবই ভালো লাগছে।”

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “ভালোবাসার দৃষ্টিতে দেখলে সামান্যও অসামান্য হয়ে যায়। আপনারা আমাকে ভালোবেসেছেন। আমি যতদিন কাজ করেছি ফাঁকি দেইনি। যেটুকু করেছি, তার চেয়ে অনেক বেশি আমি দেশ, এই বিশ্ববিদ্যালয় ও আপনাদের কাছ থেকে পেয়েছি।”

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট না হয়েও এই বিশ্ববিদ্যালয়ের নানা স্থাপনার সাথে আমি সরাসরি সম্পৃক্ত। জাতীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রজেক্টের সাথে আমি সম্পৃক্ত, দুই-তিন বছর লাগবে এগুলো শেষ হতে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “এই তিনজনেরই একাডেমিক ঘরানা আলাদা আলাদা। তবে এই তিনজন মানুষই বিনয়ী। জাতীয় নেতৃত্ব ও জাতীয় দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদের অবদান অপরিসীম। জাতি অনুভব করে তাদের অবদান আছে, সেটিই তাদের যোগ্যতা। জাতিকে তারা যে পর্যায়ে পৌঁছে দিয়েছেন সামনের দিনগুলোতেও তারা বাতিঘর হয়ে থাকবেন বলে আমরা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ, উপ-উপচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।