২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলল বাড্ডার ইউলুপ

দীর্ঘ প্রতিক্ষার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর মেরুলে নির্মিত বাড্ডা নর্থ ইউলুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 05:28 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ইউলুপ দিয়ে যান চলাচল শুরু হয়।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সাংসদ এ কে এম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপ পরিদর্শন করেন।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

২০১৬ সালের ২৫ জুন রামপুরা অংশের সাউথ ইউলুপটি চালুর পর যানজট নিরসনে বেশ সাফল্য পাওয়া গেছে।

বাড্ডার ইউলুপটি চালু হওয়ায় হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। নির্মাণকাজের দায়িত্বে আছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

২০০৭ সালে শুরু হওয়া হাতিরঝিল প্রকল্পের মেয়াদ প্রথমে চার দফা বাড়ানো হয়। ২০১৬ সালের ডিসেম্বরে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা ছিল।

তবে ইউলুপের মূল সড়কের ভূগর্ভস্থ ডেসকো, বিটিসিএল, তিতাস, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার তার সরাতে সময় লেগে যায়।

এছাড়া ইউলুপের ডাইভারশন সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে মামলা থাকায়ও কাজ শেষ করা যায়নি। সে সময় প্রকল্পের কাজ শেষ না হওয়ায় সরকারের কাছে পঞ্চমবারের মতো আরও দেড় বছর সময় চায় রাজউক। তবে এজন্য প্রকল্পের ব্যয় বাড়েনি।