২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভর দুপুরে কুমিল্লার আ. লীগ নেতাকে অপহরণ

কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে ভর দুপুরে ঢাকায় তার লালমাটিয়ার বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 06:51 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

শুক্রবার দুপুরে লালমাটিয়া সি ব্লকের মসজিদে জুমার নামাজ পড়ে পারভেজ বাসার ফেরার সময় কয়েকজন তাকে জোর করে একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায় বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন। 

পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তবে কারা পারভেজকে তুলে নিয়ে যেতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা। রাত ১০টা পর্যন্ত মুক্তিপণের জন্য কেউ যোগাযোগও করেনি।

মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যক্ষদর্শীরা বলেছে, যারা তাকে তুলে নিয়ে গেছে তাদের কাছে ওয়্যারলেস আর অস্ত্র ছিল। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন ২০১৪ সাল পর্যন্ত তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে লালমাটিয়া সি ব্লকের ৩০ নম্বর বাড়িতে তিনি থাকতেন।

রাজনীতির পাশাপাশি ঠিকাদারী এবং চাইনিজ রেস্তোরাঁর ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। 

ওই বাড়ির নিরাপত্তারক্ষী ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নামাজ শেষে স্যার আসছে দেখে আমি গেইট খুলে অপেক্ষা করতেছিলাম। তখন দেখি গেইটের সামনে এক লোক তার সাথে হ্যান্ডশেক করতেছে। তারপর আরেকজন হঠাৎ পেছনে এসে ঘাড়ে হাত দেওয়ার মত করে ধরে ঠেলতে ঠেলতে সামনে একটা গাড়ির দিকে নিয়ে গেল। স্যার তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিলেন।”

ওমর আলি বলেন, ওই পরিস্থিতিতে তিনি গ্যারেজে ঢোকেন লাঠি খুঁজতে। বেরিয়ে এসে দেখতে পান, এক যুবক ভবনে ঢোকার গেট লাগিয়ে দ্রুত চলে যাচ্ছে।

 

ওই বাড়ি এবং কয়েকটি ভবন পরে আরেক বাড়ির সিসি ক্যামেরার ভিডিওতে পারভেজকে তুলে নিয়ে যাওয়ার যে দৃশ্য ধরা পড়েছে, তা ওমর আলীর বক্তব্যের সঙ্গে মিলে যায়।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখছি। কারা তাকে নিয়ে গেছে জানার চেষ্টা করছি।”

পারভেজের মামা সাজ্জাদ হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে দলের মনোনয়ন পাওয়ার আশায় কাজ করছিলেন তার ভাগ্নে। তবে তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের সঙ্গে তার বিরোধ চলছিল।

এ কারণে পারভেজ বছরখানেক ধরে এলাকায় যাওয়া আসা কমিয়ে দিয়েছিলেন বলে জানান সাজ্জাদ।

Image
এই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পারভেজকে

এই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পারভেজকে

পারভেজের স্ত্রী তাহমিনা আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবছর রোজার ঠিক আগে তিতাসে এক জনসভায় ‘সোহেলের লোকজন’ তার স্বামীর ওপর হামলা চালায়, গুলিও করে। এরপর থেকে পারভেজ এলাকায় যাওয়া কমিয়ে দেন।

এক প্রশ্নের জবাবে তাহমিনা বলেন, তার স্বামী কখনোই রাজনৈতিক বিষয়ে বা কোনো ধরনের সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতেন না।

“তবে ৫/৬দিন আগে আমাকে একা কোথাও বের হতে মারা করেছিল। ছেলেদের নিয়ে বের হলে ওকে জানিয়ে এবং গাড়ি নিয়ে যেতে বলেছিল।”

এদিকে এ ঘটনার পর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

তবে লালমাটিয়ার ঘটনা আর পারভেজের পরিবারের বক্তব্যের বিষয়ে সোহেল শিকদারের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।