ডিএসসিসির ৩৫৯৮ কোটি টাকার বাজেট
২০১৮-২০১৯ অর্থবছরের জন্য তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার নগর ভবনে বাজেট ঘোষণা করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এটি তার তৃতীয় বাজেট।
২০১৭-১৮ অর্থ বছরে তিন হাজার ৩৩৭ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি। সংশোধনের পর যা দুই হাজার ১৪ কোটি ৩১ লাখ টাকায় দাঁড়ায়।
এবার নিজস্ব উৎস থেকে ৯০৯ কোটি ৪২ লাখ টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি। এরমধ্যে গৃহকর থেকে ৩৩০ কোটি টাকা, বাজার সালামি থেকে ৩০৫ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর কর থেকে ১০০ কোটি টাকা আয়ের আশা করছে ডিএসসিসি।
সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাতে দুই হাজার ৪৮ কোটি ৬২ কোটি টাকা সাহায্য হিসেবে পাওয়া যাবে বলে বাজেট বক্তৃতায় জানান মেয়র সাঈদ খোকন।
এছাড়া সরকারি মঞ্জুরি ৭০ কোটি, সরকারি বিশেষ মঞ্জুরি ৪৩৮ কোটি ৮৬ লাখ, ট্রেড লাইন্সেস ফি বাবদ ৮০ কোটি টাকা, বিজ্ঞাপন কর বাবদ ৫ কোটি টাকা, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৩ কোটি ৪৭ লাখ টাকা, অস্থায়ী পশুর হাট থেকে ৮ কোটি ৫০ লাখ টাকা, রাস্তা খনন ফি বাবদ ২০ কোটি টাকা, যন্ত্রপাতি ভাড়া বাবদ ৫ কোটি টাকা, শিশু পার্ক থেকে ৫ কোটি টাকা, পেট্রোল পাম্প ভাড়া বাবদ ২ কোটি টাকা পাওয়ার আশা ডিএসসিসির।
বাজেটে সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে সবচেয়ে বেশি ৭৪২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের কথা বলেছে ডিএসসিসি। এছাড়া শিশু পার্ক ও খেলা মাঠ উন্নয়নে ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের কথা জানান মেয়র।
এছাড়া ৩৪০ কোটি টাকা বেতন ভাতা বাবদ, ভৌত অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ৩৯৫ কোটি ২৬ লাখ, মশক নিয়ন্ত্রণে ২৬ কোটি, যন্ত্রপাতি ও সরঞ্জাম বাবদ ৭৫৬ কোটি ১৬ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৬ কোটি ৫০ লাখ, নতুন বাজার নির্মাণ বাবদ ২০০ কোটি, জবাইখানা নির্মাণ বাবদ ৬৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করবে।
মেয়র বলেন, “দুই ঘণ্টা বৃষ্টি হলে শহর তলিয়ে যায়। রাজধানীবাসী মেয়রের কাছে এর সমাধান চায়। কিন্তু এর সমাধান করবে ঢাকা ওয়াসা। নগরের যানজট সমস্যা আমার কাছে চায়। কিন্তু এটা তো আমার দায়িত্ব নয়।”
বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করতে সভার আয়োজন করলেও সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকেন না বলে অভিযোগ করেন সাঈদ খোকন।
তিনি বলেন, “এজন্য অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। কারা সমন্বয় সভায় উপস্থিত থাকে না তাদের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বরাবর একটা চিঠি পাঠানো হয়েছে।”
