২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলায় প্রধানমন্ত্রীর গুরুত্ব

উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 04:52 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

বুধবার ২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেযেছি; তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”

প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেন প্রধানমন্ত্রী।

২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বলেন, “আমরা এগিয়ে যাব, পিছিয়ে যাব না। ভবিষ্যতেও যেন পিছিয়ে না থাকি।”

“স্বাধীন জাতি হিসাবে আমাদের মাথা উঁচু করে চলতে হবে। বিজয়ী জাতি হিসাবে আমরা কারও কাছে হাত পেতে চলব না।”

এবার ১৬৩ জনের মধ্যে ১০১ জন ছাত্রী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন।

বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। আমি চাই সমান সমান থাকুক।”

পরিবারের মেয়ে সন্তানদের প্রতি অভিভাবকদের মনোভাব পরিবর্তনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “লেখাপড়া শিখে মেয়েরা পরের ঘরে চলে যাবে; এই মনোভাবের পরিবর্তন হয়েছে।”  

২০১০ সালে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’ পাস করার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “বর্তমানে দেশে ৪৬টি পাবলিক ও ১০৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৪৯টি।”

উচ্চশিক্ষার প্রসারে ১৯৯৬-২০০১ মেয়াদে ছয়টি এবং ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩টি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্যে চারটি কৃষি এবং  নয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

দেশের সব বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা গবেষণায় গুরুত্ব দেই। গবেষণা ছাড়া অগ্রগতি সম্ভব নয়।”

বিশ্ববিদ্যালয়গুলোকে মানসমৃদ্ধ করা এবং তাদের তদারকি, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ‘উচ্চশিক্ষা কমিশন’ প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে থাকার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “মঞ্জুরি কমিশন এখন যে আকারে আছে, সে আকারে এতগুলো প্রতিষ্ঠান দেখা সম্ভব নয়।”

“উচ্চশিক্ষা কমিশন হবে একটি স্বায়ত্তশাসিত স্ট্যাটিউটরি বডি, যার দায়িত্ব হবে শিক্ষা এবং গবেষণার মানকে উন্নত করা। যাতে স্নাতকরা বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকদের সমপর্যায়ে উন্নীত হতে পারে।”

বাংলাদেশের চেয়ে অন্য যেকোনো দেশের উচ্চশিক্ষা ব্যয়বহুল হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু এর খরচের শতভাগের মধ্যে ৯০ ভাগই.. বলতে গেলে, ৯০ ভাগ কেন শতভাগেরও বেশি খরচ সরকার থেকেই করি।

“শিক্ষার খরচটা আমি খরচ হিসেবে দেখি না। আমি মনে করি, এটা একটি বিনিয়োগ। কারণ আমাদের ভবিষ্যত প্রজন্ম তৈরি হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান।

উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য দিল আফরোজ বেগম।

পদকপ্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশরাত জাহান পিয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তপন ধর।