ভোটের বছরেও বই জানুয়ারির প্রথম দিনেই: শিক্ষামন্ত্রী
নির্বাচনের বছর হলেও আগামী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার রাতে সচিবালয়ে চতুর্থ কার্য অধিবেশনে জেলার নির্বাহীদের এই আশ্বাসবাণী দিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “ডিসেম্বর মাসের দিকে হয়ত নির্বাচন হবে। কিন্তু জানুয়ারি মাসে যাতে বই পেতেই পারে, তার জন্য আমরা ইতোমধ্যে বই ছাপা শুরু করে দিয়েছি, পাঠানোও শুরু করে দিয়েছি।
“সেই সময় গভার্নমেন্ট যেই থাকুক, নির্বাচনে যেই আসুক, জানুয়ারি মাসের ১ তারিখে ছেলেমেয়েরা যেন বই পায়, সে প্রস্তুতি নেওয়া শুরু করেছি, চার দিন আগ থেকে আমরা এবার বই পাঠানো শুরু করেছি।”
জেলা প্রশাসকরা শিক্ষক স্বল্পতা, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা সম্পূর্ণ করার প্রস্তাব রেখেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকের সংখ্যায় স্বল্পতা আছে, সংখ্যা বৃদ্ধির বা আমাদের শূন্য পদ পূরণের জন্য আমাদের যে সব জায়গায় প্রয়োজন সেগুলোর ব্যাপারে কাজ করছি, সেগুলো জানিয়েছি।”
প্রশ্ন ফাঁসের বিষয়ে আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই।
“আমরা যে কঠোর ব্যবস্থা নিয়েছি, আপনাদেরও সহযোগিতা ছিল, সকলের সহযোগিতা নিয়ে পরীক্ষা নিয়েছি, যার ফলে অভিজ্ঞতা হয়েছে যাতে ভবিষতে প্রশ্নবিদ্ধ না হই, যাতে সঠিক পরীক্ষা নিতে পারি।”
