‘এখতিয়ারের বহির্ভূত’ টোল আদায় বন্ধে হাই কোর্টের নির্দেশ
টার্মিনাল ছাড়া দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস, ট্রাকসহ যন্ত্রচালিত পরিবহন থেকে ‘এখতিয়ারের বাইরে’ টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
কুষ্টিয়া জেলা ট্রাক মলিক গ্রুপের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নাথ সাহা ‘টোল আদায়ের নামে চাঁদাবাজি’ বন্ধের নির্দেশনা গত রোববার হাই কোর্টে এই রিট আবেদন করেন।
তার পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। তার সঙ্গে ছিলেন আইনজীবী তানজীব রশিদ খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
টার্মিনাল ছাড়া দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় বাস, ট্রাকসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে ‘এখতিয়ারের বাইরে অবৈধভাবে’ টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব, উপ-সচিব, সড়ক পরিহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, পুলিশ প্রধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর আইনজীবী তৌফিক ইনাম পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় দেশের সকল সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকার সড়ক-মহাসড়কে প্রতিবন্ধক সৃষ্টি করে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহন থেকে টোল আদায় না করতে ২০১৫ সালে ৩ ডিসেম্বর একটি নির্দেশনা জারি করেছিল। তারপরও ‘টোলের নামে চাঁদা আদায়’ চলছে। এটা বন্ধের জন্যই রিট আবেদনটি করা হয়।
এ আইনজীবী বলেন, “ইজারাদারদের মাধ্যমে টোল আদায়ের নামে ৪০ থেকে ৫০টাকা হারে বাস-ট্রাকসহ পরিবহণ থেকে চাঁদাবাজি সম্পূর্ণ বেআইনি। এই চাঁদাবাজির কারণে পণ্যে অতিরিক্ত মূল্য সংযোজন করেন ব্যবসায়ীরা। আখেরে এর প্রভাব পড়ছে জনসাধারণের ওপর।”
