২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন কোটা সংস্কারের দাবি পূরণ ‘না হওয়া পর্যন্ত’

মামলা-হামলা হলেও দাবি আদায় না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার কথা বলেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 12:04 AM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক এক সভায় কয়েকজন আন্দোলনকারী একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের আয়োজনে এই সভায় কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের নেতা রিয়াজুল ইসলাম বলেন, “আমাদেরকে ভরসা করতে হবে নিজেদের শক্তির ওপর। যতদিন পযন্ত আমরা আগের মতো আন্দোলন দাঁড় করাতে না পারব, ততদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না।”

কমিটি গঠনের নামে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমেদ বলেন, কোটা আন্দোলন করতে গিয়ে তিনি ছাত্রলীগের ‘টার্গেটে’ পড়েছেন।

“এখন আমি হলে থাকতে পারি না। যেখানে রাত সেখানে কাত। ছাত্রলীগ পেছনে লেগে থাকে। কিন্তু একদিন আমাদের বিজয় আসবে।”

আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোজাম্মেল মিয়া বলেন, “আন্দোলনকারীদের ওপর নারকীয় হামলা চালানো হয়েছে। আন্দোলনের পক্ষে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা চালানো হয়েছে, এসব মেনে নেওয়া যায় না।

“আমাদের আন্দোলন চলছে, আমাদের যারা কারাগারে আছেন তারাও আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। আন্দোলন চলবে।”

সাবেক ডাকসু ভিপি মান্না আন্দোলনকারীদের অভয়  দিয়ে বলেন, “আমি আপনাদের বলি- সাপের ফনা ঠিকই গুটিয়ে নিবে, সমস্ত দাবি মেনে নিয়ে তার নতি স্বীকার করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, “এত বড় একটা বর্বর আক্রমণের ঘটনা, এই আক্রমনের জন্য যাবজ্জীবনের বিধান আছে। ছাত্রলীগ দিয়ে যেভাবে পেটানো হয়েছে, সে কারণে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা। কিন্তু যারা অপরাধ করেছে তাদের কারও কোনো বিচার হচ্ছে না। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে মিথ্যা কথা বলে পুলিশ গ্রেপ্তার করছে।”

সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, জাসদের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাবেক এমপি আহসান হাবীব লিংকন, নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমান বক্তব্য দেন।