২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুম টু রিড বাংলাদেশ’র ৩২১টি পাঠাগার উদ্বোধন

শিক্ষার্থীদের মধ্যে পড়ার দক্ষতা ও পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকার চারটি এলাকার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিড বাংলাদেশের ৩২১টি শ্রেণিকক্ষ পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 12:03 AM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে মতিঝিল, রমনা, ডেমরা ও লালবাগ থানার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পাঠাগারগুলো উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল এবং লেখক আনিসুল হক।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, “আমরা যদি আমাদের মানুষগুলোকে গড়ে তুলি, দেশটা গড়ে উঠবে।”

শিক্ষার্থীদের সাহিত্য পড়ার আহ্বান জানান তিনি। পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, “আমাদের বর্তমান জীবনে শিশুদের শিশুবান্ধব জীবন দিতে পারছি না। সেক্ষেত্রে রুম টু রিডের পাঠাগার কার্যক্রম শিশুদের জন্য সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে।”

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মানসম্মত শিক্ষার উন্নয়নে জীবনমান সহায়ক শিক্ষা প্রসারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার জানান, এখন পর্যন্ত রুম টু রিড বাংলাদেশ সাক্ষরতা কর্মসূচির আওতায় প্রায় ৩ লাখ শিশু এবং ১ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি কাজ করেছে এবং প্রায় ৬০০০ পাঠাগার স্থাপন করেছে।

শ্রেণিকক্ষ পাঠাগারগুলোতে নিজস্ব প্রকাশনায় এ পর্যন্ত ১০৩ টি গল্পের বই প্রকাশসহ প্রায় ৮০ লক্ষ বই সরবরাহ করেছে রুম টু রিড বাংলাদেশ।